Powered By Blogger

My Blog List

Popular Posts

স্বাগতম

আমার ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি

Total Pageviews

Pages

Sunday, May 26, 2019






ফকির ইলিয়াস এর পাঁচটি কবিতা


প্রার্থনারত মানুষের মুখ


এর বেশি কী কিছু চাওয়া ছিল আমার!
এর বেশি কী গাইতে চেয়েছিলাম উপপাদ্য সঙ্গীত!
হাত তোলে যারা প্রার্থনা করে,
কিংবা শ্ঙ্খধ্বনি দিয়ে যারা সাজায় অর্চনা
আমি তাদের কাতারেই দাঁড়াতে চেয়েছি।
পাঠ'কেই ধ্যান মনে করে মগ্ন থেকেছি দুপুরের দক্ষিণে,
গীর্জার ছায়াঘেরা সবুজকে ডেকেছি কাছে।

আমাকে ভালোবেসেছে প্যাগোডার পাখিরা,
হাতের পরশ নিতে ওরা উড়িয়েছে পালক
আর বলেছে, মানুষ হে !
তুমি মানবতা নিয়ে বাঁচো,মহিমান্বিত হও!

তারপরও আমাকেই হত্যা করতে আজ ‌উদ্যত
মানুষেরই হাত-
আমার সেজতারত ছায়ার দাগ মুছে দিতে
এগিয়ে আসছে কালো ছায়া-
অথচ ওরা কি জানে না,
মানুষের প্রার্থনাশক্তিকে বধ করা যায় না-
মানুষের ভালোবাসার বিপরীতে,
  দাঁড় করানো যায় যায় কোনও ঘৃণার প্রাচীর।



মুদ্রিত জীবনের অমুদ্রিত তৃষ্ণাগুচ্ছ


'ইহা একটি মুদ্রিত ছোটকাগজ'- শব্দগুলো দেখার পরই আমি জেনে যাই
আজ থেকে পঞ্চাশ বছর আগে এই গঞ্জে অনলাইন ভার্সনের কোনো অস্তিত্ব
ছিল না। ডিজিটাল ধ্বনি কন্ঠে নিয়ে কোনো কোকিল এখানে গাইতো না
গান। রিমিক্সড গীটার বাজিয়ে কেউ রুদ্ধ করে দিত না সানাইয়ের অপূর্ব
মিলনসন্ধ্যা। পরস্পরকে ভালোবেসে যারা হাত ধরাধরি করতো,তারা পরতো
না প্লাস্টিকের হাতমোজা। অথবা মাস্ক পরে আঁকতে চাইতো না নিভৃতের
চুম্বনদৃশ্য। অনেক কিছুই তখন মুদ্রিত ছিল। চাইলেই স্পর্শ করা যেতো
কাগজ ও কালির প্রকাশ।তাকালেই দেখা যেতো নিশ্বাসের নিশব্দ উঠা-নামা।
আমরা যারা ঐ গঞ্জে পাহারাদারের দায়িত্বে ছিলাম, তারা বাঁশি বাজিয়েই
হটিয়ে দিতে পারতাম রাতের তস্কর।এখন এখানে বহুমুখি শক্তির মহড়া হয়।
শান্তি কায়েমে নিয়মিত রাজসিক ঢাক-ঢোল বাজে। মুদ্রিত জীবনের অমুদ্রিত
তৃষ্ণাগুচ্ছ বুকে নিয়ে অসহায় কবি ভাবে, তাহলে কী আমি আরও বেশি
একাকী হয়ে যাবো !






ভাঙনের শব্দের মতো


শক্তিগুলো ঘুমিয়ে থাকে ভাঙনের শব্দের ভেতর।জলগুলো জমা হয়।অতিক্রম করে
যায় পাথরকে।পাথরের নিজস্ব কোনও দেশ না থাকায় ছড়িয়ে পড়ে যত্রতত্র।আর
যারা পাথর চেনে,তারা কেউ পরে নেয় আঙুলে।কেউ ছুঁড়ে দেয় নদীতে। নদীর
নীচে এপর্যন্ত যে পাথরগুলো জমে আছে-;তা মানুষেরই হাতে ছোঁড়া। অথবা বলা
যায় নিক্ষেপিত।
.
ভাঙনের শব্দের মতো পৃথিবীতে মধুর কোনো শব্দ নেই। নদীর পাড়ে দাঁড়িয়ে
যারা এই দৃশ্য দেখেছে,কেবল তারাই বলতে পারবে,ওপারে জেগে ওঠা চরে ‌উড়ে
যে নিশান- তা একসময় কোনো মানুষের শবদেহ ঢেকে দেয়া অবশিষ্ট তুলোর
অংশ। কোনো অভিযান শেষ করা বীরের রক্তফুলকি।



জল ছিটানো ঘুম 


তন্দ্রা এবং তন্ত্রে কেটে গেছে কয়েকটি মহাকাল।
কয়েকলক্ষ পৌষের শীত, জুবুথুবু করে রেখেছে
পাখিদের জীবন। যেসব মানুষ পরিন্দার প্রতিবেশী,
তারাও বন্দী হয়ে পড়েছে আঁটোসাটো পলেস্তারার
ভেতর। থেমে যাচ্ছে প্রদক্ষিণরত সূর্য।

বিগত এমন ইতিহাস অস্বীকার করতে চাইছে
আমাদের ভালোবাসার সাম্পান। ঢেউ ভাঙছে
যে নদী- তাকে সাক্ষী রেখেই লিখতে চাইছে
জীবনের নতুন পরিচ্ছেদ।

মাটিতে জল ছিটাচ্ছে যে ঘুমময় চোখ, মানুষ
তার শুশ্রূষা চেয়ে করছে বিনম্র প্রার্থনা-
পুনরায় লিখিত হোক নতুন সূচিপত্র,
আবার উচ্চকিত হোক বলিষ্ঠ বাহু-
এমন বরণের গানে সুর তুলে, চাঁদের দিকে
না তাকিয়েই মধ্যরাতে বাড়ি ফিরছে
দীনহীন গায়েন।






ধ্বংস হোক দানবিক স্বর


যীশুর ভাস্কর্যে যে রক্তের দাগ লেগে আছে সেই রক্ত আমার,
মসজিদে সেজদারত অবস্থায় যাকে হত্যা করা হয়েছে,
তিনি আমার পিতা। মন্দিরের চারপাশে পড়ে থাকা
শবদেহগুলো সনাক্ত করতে করতে যিনি কাঁদছেন,
তিনি আমার মা।নদীভাঙনের শিকার হয়ে যিনি হারিয়েছিলেন
ভিটেসূত্র,ভালোবাসা এবং ভবিষ্যত।

প্রাতরাশ করতে গিয়ে যে শিশুটি আজ বোমার আঘাতে
নিহত হয়েছে, সে আমার আত্মজ!
বড়ই বিমূঢ় আমি আজ- বড়ই অসহায় এই পৃথিবীর কাছে

তবে কি খুনের বদলে খুন চাইবো আমি!
তবে কি হত্যার বদলে হত্যা করতে চাইবো এই প্রকৃতি!

বিষাদে আকাশ কেঁপে উঠছে। কাঁদছে- জল,নদী,দ্বীপ
কোথায় মানুষ আজ!কোথায় মানুষের মুষ্টিবদ্ধ হাত!
'ধ্বংসের কিনারে বসে'-যে কবি একদিন কেঁদেছিলেন
আমি তাঁর পদরেখার দিকে তাকাই। নিশ্বাস নিতে
ভুলে যেতে যেতে আবারও বলি, ধ্বংস হোক দানবিক স্বর-
পৃথিবী হে, তোমার শুদ্ধ ছায়া বিতরণে আমি পুনরায়
স্বেচ্ছাসেবক হতে চাই ।



Saturday, September 3, 2011

ফকির ইলিয়াস এর কবিতা


















আশ্চর্য ভোরের প্রতিভূ

------------------------
জনপদ ছেড়ে যাই। কাছে আসে আগরআকাশ। সুবাস
ছড়াতে শালুকস্রোতও মিলিয়ে যায় আমার পরাণে। আহা !
বাঁশীতন্ত্রে বাজা দিনের যৌবন, জানো তুমিও এখানে -এই
দীঘিপাড়ে জোতদার মেঘ খুব সহজেই তুলে রাখে বিবিধ
দেয়াল। আমি টপকাতে চাই।চলে যেতে চাই এই অভিমানী
নগর ছেড়ে অন্য লোকালয়ে। যেখানে কেবল বেদনা জাগে
আশ্চর্য ভোরের প্রতিভূ হয়ে।

প্রবাদ পিয়াসী এক পাহাড়ের কোলে
-------------------------------------
ধ্বনির দূরত্ব জেনে গুহাগুলো সারিবদ্ধ হয়। প্রলয় এসেছে ভেবে গা ঝাড়ে
পিপীলিকাগণ। শমন হবে কি জারী মৃত্যুর, ঘোর নিমজ্জন ! ভ্রমণ সম্পন্ন
হলে ঝিনুকেরা সমুদ্রে হারায়। পায় কি নতুন দিন, অথবা রাতের শঙ্খনাদ?
প্রবাদ পিয়াসী এক পাহাড়ের কোলে গিয়ে ভাবে। তবে কি গুহার রাজ্যে
পিপীলিকা একক সম্রাট ! বিরাট কর্তৃত্ব নিয়ে নিজেকেই রাজা মনে করে।
ফিরে তাকিয়ে ভাবে ,পাহাড়টা এতোই কি ছোটো ? দু'টো ডানাও নেই,
অথচ আমার। খামার মৌসুমে গজায় কি সুন্দর রঙিন পেখম ! ওম কাল
ভুলে গিয়ে পিপীলিকা এভাবেই নিজে। পাহাড়কে ধাক্কা দিয়ে হাই তুলে
মথুরা স্বরাজে !

মুখোশ ও মুগ্ধতা
-----------------
মাঝে মাঝে আমরা মুখোশ পরে থাকি। ভাবি নিজেদরকে লুকিয়ে রেখেছি !
বেশ !! নিজের তালিয়া নিজেই বাজাই। খাবি খাই অর্ধেক জলে আর অর্ধেক স্থলে। তৈরি করি নষ্ট কোলাহল। আর চেয়ে দেখি কে কে যোগ দিলো আমাদের কাফেলায় !
বড় আজিব আমাদের মন। মুহুর্তেই আঙুল উঁচিয়ে অস্বীকার করি নিজের অস্তিত্ব! কিংবা একধরনের প্রতিকুল প্রতিযোগিতায় নামি কোমরে গামছা বেঁধে i
হায় জীবন , হায় আমাদের ভাবনার মুন্ডুপাত !
আচ্ছা, মানুষ কতটুকু নগ্ন হলে নিজেকে খু -উ- ব সংস্কারবাদী কিংবা আধুনিক করতে পারে - তার কোনো বয়ান কি কারো জানা আছে ?
একবার এক বেদেনীর সাথে আমার সখ্যতা গড়ে উঠেছিল ! সেই বেদেনী
বিদায় বেলা বলেছিল - বাবুজি, আমরা সাপের খেলা দেখাই।সাপ আমাদের পোষ মানে। কিন্তু এই সমাজের সাপগুলোকে যদি পোষ মানানো যেতো ,
তবে হয়তো সমাজটা অন্য রকম হতো !
তার কথা আমি আজও শোনি । কানে বাজে ।
দেখি মুখোশ পরে আজ যারা নিরাপদ দুরত্বে থেকে বাণী শোনাচ্ছেন - তারা
আসলেই সর্প প্রজাতি।
বাগানের অচেনা পুষ্পের প্রতি তাদের মুগ্ধতার বড় অভাব।
তারা বাচালতায় ব্যস্ত । তার চেয়েও বেশী ব্যস্ত বগল বাজিয়ে খিস্তি খেউড়
আওড়াতে !
আর কুসুমাস্তীর্ণ প্রজন্মের পথে, বারবার কাঁটা ঢেলে দিতে !
#

Friday, September 2, 2011

তিনটি ছায়া


পৃথিবী প্রথম যেদিন আমার কাছে এসেছিল , আমি তাকে
উপহার দিয়েছিলাম তিনটি ছায়া,
একটি আমার, একটি শ্রাবণের আর আরেকটি .........

সে ছায়াটি কার ছিল, তা জানিয়ে তোমাকে এর আগেও
বহুবার লিখেছি প্রবন্ধ। নিবন্ধকার তার লেখার চৌহদ্দি
জানেন না, এমন ইঙ্গিতও ছিল আমার লেখায়, আর ছিল
আগামী শীতে আমাদের বাগানে পাপড়ি কুড়াবে যে পাখি
তার বিবরণ। কীভাবে প্রজাপতিগুলো পরস্পরের মাঝে
বিনিময় করবে প্রেমের ডানাপত্র।

আমি বিনিময়ে বিশ্বাস করি। কথার বিনিময়। কান্নার বিনিময়।
কালের বিনিময়।
জানি, তুমিও ধারণ করতে জানো, স্ফটিকের উজ্জ্বল কিনার।

যেদিন আমাদের দুঃখগুলো বড় হবে,
সেদিন তুমি সেই ছায়াতেই তার মায়াগুলোকে মিশিয়ে দিও।

মিডিয়ার কর্তৃত্ব , প্রতিমিডিয়ার মধ্যস্বত্বভোগীরা



নিউইয়র্ক থেকে এখন অনেকগুলো ফ্রি সাপ্তাহিক পত্রিকা বের হয়। সাপ্তাহিক দর্পণ, দেশবাংলা, বাংলা টাইমস, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক আজকাল,সাপ্তাহিক দেশকন্ঠ, সাপ্তাহিক বিদেশ বাংলা এর মাঝে অন্যতম। এই কাগজগুলোর পৃষ্টা সংখ্যা ৩২ থেকে ৭২ পর্যন্ত। এগুলো নিউইয়র্কের বাঙালী মালিকানাধীন গ্রোসারি, বিপনিবিতান, মসজিদের করিডোর, রেস্তোরা, বিভিন্ন জনবহুল স্পটে রেখে যাওয়া হয়। প্রকাশের দিনই কাগজগুলো হাতে হাতে চলে।
যেহেতু বিক্রেতারা বিক্রী করে কোনো কমিশন পান না, তাই তারা এসব কাগজ নিয়ে মাথা ঘামান কিছুটা কম।
অন্যদিকে নিউইয়র্কে দেড় ডলার দামে বিক্রী হয় সাপ্তাহিক ঠিকানা । এই কাগজের পৃষ্টা সংখ্যা সপ্তাহে - ১৩২ থেকে ১৫২। ঢাউস সাইজের কাগজটি বহির্বিশ্বে একটা বিশেষ স্থান করে নিয়েছে। এছাড়াও এখান থেকে - সাপ্তাহিক বাংলা পত্রিকা, সাপ্তাহিক এখন সময়, সাপ্তাহিক পরিচয় ও সাপ্তাহিক বাঙালী - বের হয় নিয়মিত। এগুলোর পৃষ্টা সংখ্যা ৬৪ থেকে ৭২ । এগুলো বিক্রী হয় এক ডলার দামে।
বাংলাদেশের মতো বিদেশেও মিডিয়া , বিশেষ করে পত্রিকা প্রকাশ করার, পত্রিকার মালিক হবার একটা হিড়িক পড়েছে। এর কারণ কী ? কেন এই প্রতিযোগিতা ? এ প্রশ্ন গুলো আমাকে বেশ ভাবায়। বিদেশে দেখছি, ফ্রি এই কাগজগুলো সম্পূর্ণই বিজ্ঞাপণ নির্ভর। তারা পুরোই পরিচালিত হন পাতায় পাতায় বিজ্ঞাপণ ছেপে। হাঁ, এই সময়ে তা একটা ব্যবসাও বটে। এই যে মুনাফা লাভের ব্যবসা, মূলতঃ সেটাই এখন নিয়ন্ত্রণ করছে মিডিয়া জগত। তা দেশে কিংবা বিদেশেই হোক।
মিডিয়া নিয়ন্ত্রণ আইন, কোনো গণতান্ত্রিক দেশের জন্যই শুভ নয়। আমরা জানি 'নিউইয়র্ক টাইমস' এর মতো কাগজে 'সকল সংবাদই ছাপার যোগ্য' এমন একটি কথা থাকলেও এই কাগজও সকল খবর ছাপে না। বিশেষ করে তাদের সমর্থিত গোষ্টী, গ্রুপ, এর বিপক্ষের অথবা স্বার্থ বিরোধী যদি হয়। তাহলে 'মত প্রকাশের স্বাধীনতা' কিংবা সংবাদপত্রের স্বাধীনতা এমন আপ্তবাক্যের মানে কী ?
মানে কিছুই নেই। আইওয়াশ এখন হয়ে উঠেছে গোটা বিশ্বেই কিছু কিছু মিডিয়ার মূল ঢাল-তলোয়ার। বাংলাদেশে তো বটেই, বিদেশেও এই কাজটি কড়ায় গন্ডায় রপ্ত করছেন কিছু কর্পোরেট ব্যবসায়ীরা। তাদের আয়কর রেয়ায়েত কিংবা রুটি রুজির মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মিডিয়া ব্যবসাকে।
বিশ্বের ধনী দেশগুলোর দিকে তাকালে আমরা দেখবো,কিছু কিছু মিডিয়ার নিয়ন্ত্রণকারীরা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের জন্য মিডিয়ার মাধ্যমেই প্রতিপক্ষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে। প্রায় একই কাজটি করছে জঙ্গীবাদী, মৌলবাদী গ্রুপগুলোও।
বর্তমানে যে মনস্ত্বাত্বিক হামলা চালানো হয়, এর সূচনা হয়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় থেকে। এরপর সময়ের সাথে প্রচারের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে ব্যাপকভাবে।ইন্টারনেট, ব্লগ, টিভির প্রতি ঘন্টার ব্রেকিং নিউজ এর নতুন সংযোজন। বর্তমানে বিশ্বের সর্বত্র বিশেষ করে পাশ্চাত্যে হাজার হাজার রেডিও-টিভি চ্যানেল চালু হয়েছে। ইন্টারনেট আবিস্কৃত হবার পর মনস্তাত্ত্বিক হামলা আরও বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। যেমন ওসামা বিন লাদেন রেডিও ভাষণ দিয়েই তার মতবাদীদের চাঙা
করে রেখেছিলেন।বিভিন্ন লক্ষ্য হাসিলের জন্য মিত্র,শত্রু ও নিরপেক্ষ গোষ্ঠীগুলোর আচার-আচরণ, আগ্রহ, অনুভুতি ও চিন্তা-চেতনার উপর প্রভাব বিস্তারের লক্ষ্যে প্রচার যন্ত্র ও অন্যান্য মাধ্যমকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিখুঁত ভাবে ব্যবহারের নামই হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। বর্তমানে বিশ্বের অধিকাংশ বৃহৎ গণমাধ্যম পাশ্চাত্যের সরকারগুলোর নিয়ন্ত্রণে থাকার কারণে এসব দেশ উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তারের জন্য মিডিয়াকে ব্যবহার করছে। যদিও তারাও বলছে , তাদের দেশে মিডিয়া পুরোপুরিই সরকারি প্রভাবমুক্ত !
।।দুই।।
ফিরে আসি আবার নিউইয়র্ক প্রসঙ্গে। এখানে মূল্যে বিক্রীত কোনো কাগজে একটি বিজ্ঞাপণ ছাপা হলে , ফ্রি কাগজগুলো পরদিনই ঐ বিজ্ঞাপণদাতার উপর হুমড়ি খেয়ে পড়ে। তাকে তারা বার বার ফোন করে। ' ভাই , অমুক কাগজকে বিজ্ঞাপণ দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে।' শুরু হয় বোঝাপড়া। বিজ্ঞাপণ এর মূল্য নির্ধারণ। বিপত্তি যে নেই - তা নয়। কেউ বিজ্ঞাপণ না দিলে তার উপর , তার ব্যবসা প্রতিষ্টানের উপর খড়গও নেমে আসতে পারে ঐ মিডিয়ার পক্ষ থেকে। তাই বিজ্ঞাপণদাতা কিছুটা ভয় নিয়েই বিজ্ঞাপণ দেন স্থানীয় কাগজগুলোতে। প্রবাসে, এই যে মিডিয়াপেশী দেকানোর মানসিকতা তা অনেককেই হজম করতে হয়েছে, হচ্ছে। এই যে জিম্মি করে রাখার প্রচেষ্টা , তা এসে পড়েছে বিদেশেও। অন্যদিকে নিউইয়র্কে কিছু মিডিয়া মালিক আছেন যারা অন্য পেশায় মোটা অংকের ডলার কামাই করেন। তাদেরকে বড় এমাউন্ট আয়কর দিতে হয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে। তাই তারা 'পত্রিকা প্রকাশের খাত' অলাভজনক কিংবা ক্ষতি হচ্ছে –এমনটি দেখিয়ে আয়কর রেয়ায়েত নেন। ঘরের ডলার ঘরেই থেকে গেল। আর তা দিয়ে কম্যুনিটিতে করা গেল কিছুটা তুঘলকি ! আপাততঃ এই আইডিয়া ও উদ্দেশ্য নিয়েই নিউইয়র্কে চলছে মিডিয়াসেবা।
এই যে মিডিয়া দিয়ে দুনিয়া নিয়ন্ত্রণের ক্ষুদ্র কিংবা বৃহৎ চেষ্টা এর মদদ আসছে কীভাবে ? সেদিকে একটি উদাহরণ দেয়া যাক। ধরা যাক মিডিয়া মোগল রুপার্ট মার্ডক এর কথা। রুপার্ট মার্ডক এমন একজন মিডিয়া সম্রাট-যাকে নিয়ন্ত্রন করার জন্য মার্কিন মুল্লুক এবং ব্রিটেনে প্রনীত হয়েছে বিশেষ আইন। একজন ব্যক্তি একটি দেশের মিডিয়া জগতের কতটুকু মালিক হতে পারবেন-তার সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে এই আইনে। রুপার্টকে কখনো নিয়ন্ত্রণ করা যায়নি। তিনি রাজনীতি করেছেন রাজনীতিকদের সঙ্গে। আর তিনি গণ মাধ্যমের প্রভাব খাটিয়ে গড়েছেন সীমাহীন প্রভাব প্রতিপত্তি।
রুপার্ট মার্ডকের জন্ম অস্ট্রেলিয়ায়, ১৯৩১ সালে। মাত্র ২২ বছর বয়সে তিনি মালিক হন পৈত্রিক ছাপাখানা বাণিজ্যের। তারপর আর থেমে থাকেনি তার অগ্রযাত্রা। আকষ্মিক বন্ধ হয়ে যাওয়া নিউজ অব দ্যা ওয়ার্ল্ড ছিল তাঁর মিডিয়া জগতের মাত্র ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিশ্বের সাংবাদিকতার জৌলুস এবং প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে তিনি সৃষ্টি করেছেন অনন্য রেকর্ড। ইয়েলো জার্নালিজমের জন্যও তিনি কখনো কখনো নিন্দীত হয়েছেন প্রচন্ডভাবে। যে ব্যক্তি গণমাধ্যম দিয়ে বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকতাকে একটি সম্মানজনক অবস্থানে তুলে এনেছেন-তিনি এখন নিজেই শিরোনাম হয়েছেন বিশ্ব মিডিয়ায়।টেলিফোনে আঁড়িপাতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে বৃটেন ও বিশ্বজুড়ে তোলপাড় শুরু হওয়ায়, তার মালিকানাধীন 'নিউজ অব দ্যা ওয়ার্ল্ড' ১৬৮ বছরের পুরোনো এই পত্রিকা বন্ধ ঘোষনা করা হয়েছে সম্প্রতি।
বাংলাদেশেও মিডিয়া এখন একটি বিশেষ শক্তি। কর্পোরেট ব্যবসা এতোটাই ক্ষমতা রাখছে, যার ফলে অনেক অনিয়মই হয়ে উঠছে নিয়ম। অনেক অপশক্তিই হয়ে উঠছে অন্যতম ত্রাতা। আর ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপণ ও প্রচারণার ভাষা দেখলে নিয়মিত গা শিউরে উঠে ! বাহুমূলে ডিওডরেন্ট ব্যবহারের কৌশল-প্রণালী অথবা মোবাইল ফোন ব্যবহারের ন্যাকামি দেখলে মনে হয় আমাদের সমাজ ও সভ্যতা, অশ্লীলতার সীমা ছাড়িয়ে যেতে আর কত বাকী ! আর মিডিয়া দিয়ে দাপট তৈরির অন্য পৃষ্টাটি হচ্ছে , রিয়েল এষ্টেট ব্যবসার হাতিয়ার হিসেবে মিডিয়ার ব্যবহার। প্লট এবং ফ্ল্যাট ব্যবসার নামে নদী, শ্মশান, গোরস্থান, সবই দখলের যে চেষ্টা বাংলাদেশে চলছে, তার রক্ষক হিসেবে মিডিয়াকে রাখা হচ্ছে কবচ হিসেবে। এটা কারা করছে ? এদের পরিচয় কী ? তা সরকার ও জনগণের অজানা নয়।
বাংলাদেশে জনসংখ্যা এখন সাড়ে পনেরো কোটি। সেই দেশে দশ লাখ দৈনিক ছাপা হয় কিংবা চলে - এই বলে বড়াই করে দেশের 'সর্বাধিক প্রচারিত দৈনিক' টি। সত্যি কী সেলুকাস !
।।তিন।।
এবার আসা যাক আরেকটি প্রসঙ্গে। আমরা মিডিয়ার বিবর্তন চাইছি। মিডিয়ার নিরপেক্ষতা চাইছি। এই চাওয়ায়,মিডিয়ার সমান্তরালে বিকল্প মিডিয়া বা প্রতিমিডিয়া আমরা কোন গুলোকে বলবো ?
ইন্টারনেট ২৪ ঘন্টার সংবাদমাধ্যম এখন একটি চলিষ্ণু, আলোচিত সংবাদ মাধ্যম।ব্লগ, ফেসবুক, গুগলপ্লাস, টুইটার,ইত্যাদি ইন্টারনেট ভিত্তিক মিডিয়ার প্রসারও আমরা দেখছি খুব দ্রুত। ইলেকট্রনিক মিডিয়ার যুগে সংবাদপত্রের প্রভাব কমবে বলে অনেকেই মনে করছেন।
মানুষ সবকিছু তাৎক্ষণিকভাবে দেখে ফেলছে। জেনে যাচ্ছে। তাই সংবাদপত্রের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ইলেকট্রনিক মিডিয়ায় দেখা সংবাদ পরদিন সংবাদপত্রে দেখলে তা তো বাসি ,ফ্যাকাশে মনে হবেই। অতীতে যা সংবাদপত্রে তরতাজা খবর ছিল এখন তা ইলেকট্রনিক মিডিয়া চ্যানেল টেলিভিশনে চলে এসেছে। তারপরও, প্রতিদিন ভোরে একটি দৈনিকের পাতায় চোখ বুলাবার আগ্রহ দেখাচ্ছেন বিশ্বের কোটি কোটি পাঠক। তাই প্রিন্ট মিডিয়া , ছাপা মিডিয়ার পুরোপুরি বিকল্প - তা বলা যাবে না।
আমরা দেখছি, কোনো কোনো ইন্টারনেট ভিত্তিক বাংলা মিডিয়া প্রচার করছে, '' আপনি যদি প্রতিদিন কাগজের দৈনিক পড়েন - তাহলে জেনে রাখুন আপনিও গাছ কাটছেন ! কারণ গাছ থেকে কাগজ তৈরি হয় ! '' এটাও এক ধরণের বানিজ্যিক প্রচারণা মাত্র।
উন্নত দেশগুলো যদি শুধুমাত্র ইলেক্ট্রনিক নির্ভর হতো , তাহলে বিশ্বের অনেক দেশেই, বিশেষ করে উন্নত বিশ্বে সংবাদপত্র উঠে যেতো। কারণ ওইসব দেশে টিভি চ্যানেলের ছড়াছড়ি, সেই তুলনায় আমাদের দেশে টিভি চ্যানেলের সংখ্যা অনেক কম। আমাদের প্রতিবেশী ভারতেও টিভি চ্যানেলের ছড়াছড়ি। পরিসংখ্যানে অনুযায়ী, ভারতে প্রায় সাড়ে তিন শতাধিক চ্যানেল রয়েছে। অথচ সেই ভারতে সংবাদপত্রের পাঠকসংখ্যা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পাচ্ছে। অথচ আমাদের দেশে এ সংখ্যা বাড়ছে না। দশ লাখ পাঠক নিয়ে কাড়াকাড়ি করছে নবীন-প্রবীণ দৈনিক গুলো। বাংলাদেশে মিডিয়া হাউস তৈরির যে হিড়িক পড়ছে, তাতে কিছু সিনিয়র সাংবাদিক না না রকম বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু উঠতি, তরুণ, শিক্ষানবিশ সাংবাদিক-সংবাদকর্মীদের কাজ করতে হচ্ছে হাড় ভাঙা খাটুনি দিয়ে। এর মাঝেই আমরা বেশ কজন প্রতিশ্রতিশীল সংবাদকর্মীকে হারিয়েছি। এই যে বিয়োগব্যথা তা উপশমে মিডিয়া হাউসগুলো কী কী করতে পারে তাও ভেবে দেখা দরকার।
আমরা দেখছি , নতুন অনেক মিডিয়ার জন্ম হলেও, গেল দুই দশকে বেশ কিছু সাংবাদিক নেতার জীবনমানের ধারা রাতারাতি বদলে গেলেও সংবাদপত্র ও সাংবাদিকতার উন্নয়ন হয় নি। বরং অবনতি হয়েছে। এ অবনতির কারণ সংবাদপত্রকে ব্যবসা-বাণিজ্য, প্রভাব-প্রতিপত্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলা। এ সময় অধিকাংশ পত্রিকায় পেশাদার সম্পাদকের পরিবর্তে আমরা দেখেছি মালিক-সম্পাদক। নয়তো আজ্ঞাবাহী কুশীলব সম্পাদক পদ দখল করে আছেন। যা কোনো দেশ, জাতি, সমাজের জন্য কল্যাণকর নয়। মঙ্গলজনক নয় রাজনৈতিক সংস্কৃতির বিকাশ সাধনেও।
বলা খুবই দরকার, সাংবাদিকতার নামে জিম্মি করে রাখা, ভয় ভীতি দেখানো, টোপে ফেলে দেয়া, ব্ল্যাকমেইলিং করা - এমন হীন কাজও করছে 'সাংবাদিক' নামধারী কিছু মানুষ। আশার কথা এরা অতীতেও টেকে নি , ভবিষ্যতেও টিকবে না।
তবে বলে নিতে চাই , কিছু কালো টাকার মালিকরা ' আমি খাবো- তুমিও খাও' এমন নীতির সর্দারি করে এমন কিছু ফ্রাংকেনস্টাইন তৈরি করেছেন এবং করছেন তো বটেই। আর ইন্টারনেট ভিত্তিক ব্লগগুলোর মাঝে রয়েছে আরেক ধরনের তস্করবৃত্তি। সেখানে অনেকেই 'ছদ্মনামে' ৩০/৪০ টি একাউন্ট খোলে যাচ্ছেতাই লেখালেখি করে। ব্লগে যেহেতু অন্যের লেখায় মন্তব্য করা যায়, তাই সংঘবদ্ধভাবে এরা হামলে পড়ে অন্য সৃজনশীল কোনো লেখকের উপর। এদের অধিকাংশরাই ক্রিয়েটিভ কোনো মন্তব্য করে না, করতে চায় না। তাছাড়া রাজনৈতিক মতবাদ প্রতিষ্টার নগ্ন প্রচেষ্টার নামে এরা কেউ কেউ মহান মুক্তিসংগ্রাম, জাতিসত্তা, জাতীয় সংস্কৃতিকেও কটাক্ষ করতে কসুর করে না। ফেসবুক, ব্লগ এমন কিছু কথিত বিক্ল্প মিডিয়া' তাই হয়ে উঠছে কাদা ছুড়াছুড়ির অন্যতম প্লাটফর্ম। যা বেদনাদায়ক , লজ্জাজনক। কেউ কারো বিপক্ষে কিছু বললে তাকে ইমেলে 'ভাইরাস' পাঠিয়ে আক্রমণও করা হচ্ছে । প্রতিমিডিয়ার এই মধ্যসত্ত্বভোগিরা নিজেদের নাম-পরিচয় গোপন করে কর্দমাক্ত করছে ভার্চুয়াল জগতকে। কথায় প্রচলিত আছে, মিডিয়া তিলকে তাল করতে পারে। এই মিডিয়া জগত এখন খলনায়কদের স্বর্গরাজ্য। দেশে - বিদেশে । রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি সবই নিয়ন্ত্রণ করতে চাইছে কিছু মিডিয়া মালিক। পাঠক-পাঠিকাকে সত্য খুঁজতে হবে। সত্যের পক্ষে থাকতে হবে। কারণ বিবেচনাবোধই পারে সামাজিক সকল অপশক্তিকে তাড়াতে।
নিউইয়র্ক,৩ আগষ্ট ২০১১
---------------------------------------------------------------
দৈনিক ভোরের কাগজ / ঢাকা/ ৬ আগষ্ট ২০১১ শনিবার



Tuesday, April 5, 2011

ছিন্নভিন্ন গোলপাতা



ছিন্নভিন্ন গোলপাতা
----------------------------

গোলার আঘাতে ছিন্নভিন্ন গোলপাতা। ক'টা শালুক হাতে
কিশোরীর লাশ।অনেকটা বেআব্রু । পড়ে আছে মাথার খুলি,
সারি সারি । হঠাৎ হায়েনার থাবায় কেঁপে উঠে বাংলার আকাশ।
পঁচিশে মার্চের কালোরাত দখল করে নেয় পশ্চিমা শকুন।

আমরা একটি ভূখন্ড নির্মাণে তুলি সমবেত হাত। প্রভাত ছিনিয়ে
নেবো বলে , উদ্বাস্তু তাঁবুর নীচে শানাই সঙ্গিন।

আমরা হারি নি কখনো। পূর্বপূরুষের গুল্মশক্তি বয়ে হয়ে উঠি
সিংহমানব-ব্যাঘ্রমানবী।
প্রয়োজনে ভস্ম হতে জানি , যুদ্ধমাদল বাজিয়ে ক্রমশ: বাড়িয়ে
যাই মেঘের বিস্তার।
হয়তো রক্তবৃষ্টি নামবে। তবু আমরাই জয়ী হবো , রুদ্রাক্ষ জোসনায়।

তিনটি সাম্প্রতিক কবিতা




তিনটি সাম্প্রতিক কবিতা
===================

মধ্যাহ্নের সাথে আলাপ
--------------------------
১
নগ্ন আকাশ দেখি দ্বিতীয় আভায়। প্রাচীন পতঙ্গগুলো গোল
হয়ে তাকাচ্ছে সেই নগ্নতার দিকে। আমি দর্শক নই , তবু
উঁকি দিয়ে দেখি, কারা এসে মিলিত হয়েছে এই আশ্রম
সীমানায়। কীভাবে লিখিত হচ্ছে বিশ্রামের তন্দ্রানিয়মাবলী।

আরো এসেছেন দেখতে যারা , তারা সবাই বিশিষ্ট নাট্যজন।
নীড় নিয়ে খেলা করাই কাজ তাদের। কখনও হাসিয়ে যান।
কখনও কাঁদার দরোজা উন্মুক্ত করে দেন অবারিত হাতে।
তাদেরকেও দেখে নিয়ে আমি, নেমে যাই চর্যাপদ কুড়াতে।

২
জমিয়ে রেখেছি কটি পিনপতনের শব্দ। হাতে আছে কফির
গরম ধোঁয়া। নিম্নগামী তারা ছুঁয়ে যাচ্ছে যে টিয়ে পাখি ,তাকে
প্রশ্ন করছি গন্তব্য জানতে চেয়ে।মাঝে মাঝে আমি এমন অনেক
কিছুই জানতে চাই বৈশাখী তান্ডবের কাছে, শ্বেতাঙ্গ সমুদ্র
আর কালো পাহাড়ের কাছে। মর্ত্যমনন এসে আমাকে বোধ
হয় সে জন্যই দেয় পাহারা। যাতে উন্মত্ত না হই। কিন্তু তার
পরও তো আমাকে কেউ থামাতে পারে না , যখন বলি তোমাকে –
বিছিয়ে দাও উত্তপ্ত জমিন। কয়েকটি মধ্যাহ্ন চাষ করে যাবো।


মনমিশ্রণ

------------
পুরু কাঁচের ছায়া নিয়ে খেলছে সূর্য। চাঁদের যৌনজীবন
নিয়ে শেষ কবিতাটি লেখা হচ্ছে মনিষার হাতে। ব্যাংলোর
নগরে বসে সে ই নিয়ন্ত্রণ করছে সবটুকু নির্জন গৌরব।

যারা শিখেছে উপস্থাপনবিদ্যা , তারাই পারছে আজকাল
সবকিছু, পারছে সূর্যকেই গিলিয়ে দিতে কয়েকফোটা
মেঘ। আর প্রকাশ্যে গাইছে সিটিসেলের মুগ্ধ জয়গান।

মানুষ কীর্তনের সন্ধ্যাকে কখনো নিজের প্রশস্থিগীতি
বলেই মনে করে। মদমিশ্রণে মনকে ডুবিয়ে দিয়ে
বার বার উপলব্ধি করতে চায় মিলননাট্যের সুপ্ত আবহাওয়া ।


সূত্র সমীপে লিখি বিনয় বন্দনা

-------------------------------------
বদলে দেবার প্রত্যয় নিয়ে লিখি স্রোতজ সূত্র। আরেকবার মুগ্ধ
হয়ে দেখি অর্জনের বৃহস্পতি। গ্রহগুলো আমার বলয় থেকে পালিয়ে
ছিলো এতদিন। আজ আমি নাগালে পেয়ে এর মাঝে খুঁজে ফিরি
হারানো উত্থানের মুখ।

আমার সহযাত্রী যারা , তারা এর আগে লিখে গেছে তাদের প্রাপ্তি
নিয়মাবলী। হাতের কোদাল দিয়ে মাটি কেটে গড়েছে পুষ্পদ্বীপ।
সেখানে লাগিয়েছে গোলাপের চারা। পাহারা দিয়ে ফুটিয়েছে ফুল।

সূত্র সমীপে আমি লিখি সেই বিনয় বন্দনা, ছুঁয়ে যেতে পরাগ সমূল…

ফকির ইলিয়াস এর একগুচ্ছ কবিতা




ফকির ইলিয়াস এর একগুচ্ছ কবিতা









প্রত্যক্ষ সম্বন্ধ ও দুর্ভিক্ষবিষয়ক সেমিনার

----------------------------------------------
নীতি নির্ধারণী বৈঠকের বনভোজনে আমরা আমন্ত্রিত হয়েছি
এই দ্বিতীয়বার। ‘গ্রীনহর্স’­ ব্র্যান্ডের সাথে আমাদের প্রত্যক্ষ
সম্বন্ধ বেড়ে উঠেছে এভাবেই। যেভাবে পাঁজরবিহীন কোনো
সূর্যাহত কৃষক সন্তান বেড়ে উঠে সমান্তরাল। কাল-আকালের
বৃষ্টিছন্দ মাড়িয়ে। তারপর মাটির প্রচ্ছদে আঁকে নিজের ছবি।
কবি হলে লিখতে পারতো বিরহের কবিতা।
মঙ্গার মাদুর জড়ানো জীবনের জলকলা। বন্দনার দগ্ধ বিধুরতা।
ছাদহীন, চাঁদহীন শৈশবের পথধরে গড়ে উঠা প্রথার বিরুদ্ধে প্রথা।

সরল সলতেকথা
----------------------
আনন্দের উত্থান দেখি ঢেউয়ের মননে। চিনে রাখি এইসব
লঘু রোদের ঋতি। ইতি টেনে এসেছি সকল মৌন বৈভবের।
কালের কলতানে হারিয়ে গেছে যে গান, তারও স্বরলিপি খুঁজে
বাজাই এস্রাজ। সাজ , সম্ভাষণ সব ভুলে সমবেত হই সকালের
অমোঘ শয্যায়। প্রায় প্রতিভোরে যে পাখি পালক ফেলে যায় ,
আমি করি তারও সন্ধান। প্রাণের আগুনে জ্বালাই সলতের সুতো।
দ্রুত চলে যাই মেঘনার বিমুগ্ধ মোহনায়।দেখি আহত পাখিটি উড়ে যায় ..


ধানী জমির ধ্যানে মগ্ন যে জীবনের গান
...............................................................................

তোমার প্রিয় তালিকায় আমার নাম নেই , তা আমি দেখেছি। কিংবা তোমার লিংক সাম্রাজ্যে নেই আমার নীড়ছবি। তাও অজানা নয় আমার। মেরু বিষয়ক গোলটেবিল বৈঠক সেরে ষ্টকহোম থেকে ফেরার পথে ওর সাথে নিবিড় দেখা হয়েছিল আমার। বলেছিলো, বোষ্টনে যাচ্ছি। ঘুরতে। বলেছিলাম, ফেরার পথে নিউইয়র্কের মিউজিয়াম অব ন্যাশনাল হেরিটেজ দেখে যাবার আমন্ত্রণ রইলো।

এর ঠিক তিনদিন পর বেজে ওঠে ফোন। সেই পরিচিত কন্ঠ। সময় হবে ? প্রশ্ন শোনে সেরে নিই প্রস্তুতি পর্ব। তারপর দেখা হয়ে যায়। আবারও শোনাই পাল তোলা নৌকোর গল্প। ধানী জমির ধ্যানে মগ্ন জীবনের গান। ও আমার গল্প শোনে তন্ময় হয়ে।

মানুষকে এভাবেই তন্ময় হয়ে যেতে হয়।আর পুঁজিতে জমা রাখতে হয় সমুদ্রের ফেনা।এই পৃথিবী আবার ফিরবে কালের জোয়ারে, সেরে নিতে সব লেনাদেনা।


তবে কী গৃহীত হবো না-------------------------------
দুপুরের দরোজা খুলতেই দেখি, আমার বুকের
ভেতরে ঢুকে পড়ছে একটুকরো মেঘ। জমাট সূর্য
তার অসমাপ্ত সত্ত্ব নিয়ে লিখাচ্ছে নাম ঘাসের পাঁজরে,
আর বুড়ো নদী তার প্রাগৈতিহাসিক তারুণ্য ধারণ
করে জানাচ্ছে প্রণাম জলকে , জলাশয়কে।

পকেটে কলমের কংকাল দেখে আমিও স্মরণ করতে
চাইছি আমার পুরো নাম। ঠিকানার প্রাচীন ইতিহাস।
এর আগে ছিলাম কোথায়, ইত্যাদি সময়ের রূপরেখা।
আর ভাবছি যে ইট একদিন নিজে পোড়ে , স্তরে স্তরে
সাজিয়েছিল দালান – সেই ইমারতের আলোয় যে
মানব- মানবী দাঁড়িয়ে আজ করছে প্রেমালাপ, তাদের
পূর্বসূরিরা কী তাকিয়েছিল পশ্চিম আকাশে – ভেসে যাওয়া
মেঘ দেখার সবুজ অপেক্ষায় !
অথবা এটাও ভাবছি বলা যায়, যে হেমন্ত মাঠের আঙিনায়
একটি দোয়েল ছায়া খুঁজে করছে বিলাপ
তার মতোই , আমিও কী এই মাঠালয়ে আরেকজন বন্দী
হিসেবে কখনওই গৃহীত হবো না !

Friday, July 23, 2010

পথপরাগ














আমার জন্য পাঠিয়ে দিও কয়েকটি পথ
ভিন্ন সড়ক ধরে আমি হেঁটে যাবো অনিল অন্দরে
তারপর শিশিরের ঘ্রাণ নিয়ে বৃহৎ
সমুদ্রগুলোকে বলে দেবো , তোমরাও কি ভুল করে
এসেছো এ পথে - না হলে তো দেখা হবার
কথা ছিল না কোনো কালে
তবে কি প্রেম মানেই শংকার
হামাগুড়ি, ভস্ম যেমন আলো দিয়ে জ্বলে।

আমাকে পাঠিয়ে দিও কয়েকটি পরাগ
যা নিয়ে আমি বেঁচে থাকতে পারি অন্ততঃ
আরো কিছুকাল এবং মনের দীনতাটুকু পরিত্যাগ
করে বলতে পারি , এখনো হইনি গত
বিধবা সন্ধ্যার ছায়ায়। আসলে পৃথিবীটাই বিধবা কি না !
সে জন্যেই ভাটি এবং উজানের পার্থক্য
কেউ কেউ বুঝে , সবাই পারে না
গড়ে যেতে, বৃষ্টি ও বিরহের মাঝে সরল ঐক্য ।

Saturday, October 17, 2009

চারাপ্রথা


চারাপ্রথা
========
(কবি আবু মকসুদ প্রীতিভাজনেষু )


জোনাকীরা বড় সাধ করে পরে নেয় তিথিথান। ওরা জ্বলে
এবং আলো দিয়ে ভাসিয়ে দেয় চন্দ্রের প্রস্থানপথ। আমি
চেয়ে থাকি । আর পাঠ করি বর্ষার বীজবাক্য। চাওয়ার খুব
বেশী কিছু নেই। ঘাটে নোঙর ভিড়িয়ে যে মাঝি নদীতীরেই
করছে জলপান, আমি তার সহযাত্রী হবার জন্য হাত বাড়াই।
হাত দুটি খালি ফিরে আসে। ভেসে গেলে পদ্মও রেখে যায়
তার ছায়াগন্ধ। তার চারপাশে বিলি কাটে ক'টি ভ্রমণ বিলাসী
দিন। উন্মেষ ছড়াবে বলে আষাঢ় ও বিছিয়ে দেয় তার দিঘীদেহ।
আমি তারও পাশ ঘেঁষে দাঁড়িয়ে স্পর্শ করি রোদের আল। কাছে
আসে আরো কিছু বিন্দুবিষাদ। চারাপ্রথায়,বিভাজিত হই।একটা
শিকড়, পাতাল ছুঁবে বলে সাকিনে ফিরে -আর খুঁজে রঙের অথই ।

ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও সুনিশ্চিত সুশাসন
ফকির ইলিয়াস
----------------------------------------------------------------
রাষ্ট্রের মালিক জনগণ, শ্লোগানটি বেশ পরিচিত। তা বলেন অনেকেই। প্রায় প্রতিটি দলের ম্যানিফেস্টোতে সে কথাটি আছে। কিন্তু বাস্তবে বাংলাদেশে জনগণের প্রত্যাশায় কি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়? না, হয় না। আর হয় না বলেই শাসক শ্রেণীর আশপাশে তোষামোদকারী ফড়িয়া শ্রেণী ভিড়তে পারে। স্বার্থবাদী একটি পক্ষ কলুষিত করতে পারে মানুষের স্বপ্নকে।
বাংলাদেশে একটি বিতর্ক এখন বেশ তুঙ্গে। তা হচ্ছে, উপজেলা চেয়ারম্যান বনাম স্থানীয় সাংসদদের ক্ষমতার দ্বন্দ্ব। কে কি করবেন, সেই রুটিন নিয়েও চলছে মতবিরোধ। লক্ষণীয় বিষয় হচ্ছে দুটি পদই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। সাংসদ এবং উপজেলা চেয়ারম্যান দু'জনই নির্বাচিত জনপ্রতিনিধি। তারপরও স্থানীয় সাংসদরা একটা বিশেষ দাপট দেখাবার প্রয়াসী হচ্ছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা সরাকরের সহযোগিতাও পাচ্ছেন বেশি।
এই যে দ্বন্দ্ব, এর প্রধান কারণটি হচ্ছে রাজনৈতিক দলবাজির প্রভাব। যেহেতু উপজেলা তথা স্থানীয় সরকার ব্যবস্থার জনপ্রতিনিধিরা সরাসরি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করতে পারেন না, তাই তারা সে পরিচয়ও দিতে পারেন না। আর সেই সুযোগ কাজে লাগান দলীয় সাংসদরা। ফলে স্থানীয় সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানদের মাঝে যে ঐক্য গড়ে ওঠার কথা ছিল, তা ওঠেনি কিংবা উঠছে না। দ্বন্দ্বটা সেভাবেই প্রকাশ্যে রূপ নিচ্ছে।
বিশ্বের উন্নত অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে দু'স্তর বিশিষ্ট জনপ্রতিনিধি প্রথা চালু রয়েছে। ভারতে রয়েছে স্থানীয়-প্রাদেশিক প্রশাসন। আর রয়েছে কেন্দ্রীয় (ফেডারেল) প্রশাসন। একই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রেও। কংগ্রেসম্যান এবং সিনেটর প্রথার পাশাপাশি রয়েছে স্টেট গভর্নমেন্ট এবং ফেডারেল গভর্নমেন্ট। প্রতিটি স্টেটেও রয়েছে স্টেট সিনেটর, স্টেট কংগ্রেসম্যান প্রথা। এই যে দু'স্তর বিশিষ্ট প্রতিনিধি হাউজ, সেখানে কিন্তু এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের কোন বৈরিতা নেই। কেন নেই? কারণ দু'টি পক্ষই রাষ্ট্র এবং সুশাসনের পক্ষে ক্ষমতা প্রয়োগে বিশ্বাসী।

সেখানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোন সুযোগ এবং ইচ্ছা কারোরই নেই। সুশাসন প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সম্প্রীতিই জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার বিশেষ সহায়ক হয়েছে। খুলে দিয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রশস্ত পথ।
প্রায় পনেরো কোটি মানুষের বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল পর্যায়ে গণমানুষের স্বপ্ন পূরণের কথাটি অনেক সংগঠনই বলে আসছে। এর বাস্তবায়নে কাজ করা প্রয়োজন। কারণ মজবুত স্থানীয় সরকার প্রতিষ্ঠিত না হলে গ্রামীণ জনপদ তথা গোটা রাষ্ট্রের মৌলিক অবকাঠামোর উন্নয়ন সম্ভব নয়।

আমার জানা মতে, স্থানীয় সরকার বিষয়ে দীর্ঘ প্রায় বিশ বছর ধরে কাজ করছেন একজন সংগঠক, গবেষক। তার নাম আবু তালেব। তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হলেও, বাংলাদেশের মানব সম্পদ ও স্থানীয় সরকারের উন্নয়নে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।
অতি সম্প্রতি তার প্রতিষ্ঠিত অর্গানাইজেশন 'সেন্টার ফর ডেমেক্রেটিক লোকাল গভার্নেন্স'-এর পক্ষে একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছেন নির্বাহী পরিচালক আবু তালেব। আর তা হচ্ছে- 'গণস্বপ্ন ২০২০ : উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ - ২০২০'।
সংগঠনটি যে সব দাবিগুলোর বাস্তবায়ন চেয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তার প্রধান কিছু দাবির সঙ্গে সহ মত পোষণ করে আলোচনায় যেতে চাই।

ক. যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের অধীনে সব নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বিভিন্ন ধারা সংশোধন করে গণমুখী নীতি প্রণয়ন করতে হবে।

খ. ইউনিয়ন পরিষদ পর্যায়ে নারীর ক্ষমতায়ণ সুনিশ্চিত এবং সমানুপাত করতে হবে। তাদের জন্য সরকারি ভোটের ব্যবস্থা করতে হবে।

গ. ইউনিয়নের সংখ্যা ৪৪৯৮টি থেকে কমিয়ে ৩০০০টিতে এনে সিস্টেম কস্ট হ্রাস করার উদ্যোগ নিতে হবে। সব স্থানীয় পরিষদ নির্বাচনের মেয়াদ চার বছর করতে হবে।

ঘ. কেন্দ্রীয় সরকারের নির্বাচিত এবং অনির্বাচিত কর্মকর্তাদের জাতীয় এবং বৈশ্বিক দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সরকারগুলোর দায়িত্ব পালনে গঠনমূলক সহযোগিতা দিতে হবে।

মোট সতেরো দফা দাবিনামার পক্ষে কাজ করছে সংগঠনটি যদিও সব ক'টি দাবি বাংলাদেশের প্রেক্ষাপটে মানা সম্ভব নয়। কোন সরকার তা মানবেও না।
কতটা জনগণ সংশ্লিষ্ট হলে একটা দাবি জাতীয় সংসদে পাস হয়_ তার উদাহরণ বাংলাদেশের মানুষের অজানা নয়। যে সব সাংসদ জাতীয় সংসদকে সব প্রত্যাশার কেন্দ্র বিন্দু বলে দাবি করেন, সেই সংসদেই কোরাম সঙ্কট দেখা দেয়। বাংলাদেশে তা নিত্যনৈমত্তিক ব্যাপার।

বাংলাদেশে স্থানীয় সরকারকে গণমুখী করলে কিংবা করতে পারলেই গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে সন্দেহ নেই।

কিন্তু এর প্রধান অন্তরায় হচ্ছে রাজনৈতিক দলগুলো। কিছু কিছু শীর্ষ নেতাকে বলতেও শুনেছি, স্থানীয় পর্যায়ে সবল নেতৃত্ব বৃদ্ধি পেলে তাদের নিজেদের জন্যই নাকি 'ফ্রাংকেনস্টাইন' তৈরি হয়। তাই তারাই কেন্দ্রে অবস্থান করে সব কলকাঠি নাড়তে চান। এবং নেড়েও যাচ্ছেন।
বর্তমান জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আওয়ামী লীগের। অতি সম্প্রতি আমরা দেখলাম স্পীকার আবদুল হামিদ নিজের দলের, নিজের সরকারের, সংসদে উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। তা নিয়ে বিরোধীদল সমালোচনার মওকাও পেয়েছে। এর জবাবে পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী বলেছেন, স্পিকার মহান সংসদের প্রভু নন, সেবক।
তাদের এই বচসা যদি লোক দেখানো না হয়, তাহলে তো আমরা ধরে নিতে পারি সরকারের ভেতরে একটা নীরব স্নায়ুযুদ্ধ চলছে। এটা কিসের লক্ষণ?
মন্ত্রীরা রাষ্ট্রীয় কাজকর্মে ব্যস্ত থাকায় সংসদে আসতে পারবেন না বা পারেননি, এমন অজুহাত থাকতেই পারে। কিন্তু এর সমন্বয় সাধিত হচ্ছে না কেন?

প্রধান বিরোধীদল সংসদে আসছে না। ছাড় দিয়ে হলেও এই বিষয়টি সমাধান করা উচিত সরকার পক্ষের। কারণ জনগণের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে সর্বাগ্রে।
নিউইয়র্ক, ১৩ অক্টোবর ২০০৯।
-----------------------------------------------------------------------
দৈনিক সংবাদ ।ঢাকা । ১৬ অক্টোবর ২০০৯ শুক্রবার প্রকাশিত

ঝড় ভেঙে ,ঋতুদের খোঁজে


আলোর ইশারা পেয়ে যে জীবন শুরু করে দিন
তাকেই স্বাগত সুরে করে যাই বিনীত প্রকাশ
অনাদি প্রেমের কাছে যে হৃদয় থেকে যায় দাস
আমি তার পাশে থেকে এই মাটি করি প্রদক্ষিণ।

একদা সমুদ্র ছিল , আকাশের প্রথম নীলিমা
চাঁদের দুপাশে মেঘ করেছিল সুদূর ভ্রমণ
এবং ভাবের দেশে সেরেছিল সব আয়োজন
মেঘের নিরিখে মন খুঁজেছিল তার প্রিয়তমা।

সকল গন্তব্য এসে এভাবেই মিলায় ফাগুনে
বসন্ত বিভায় জাগে কলমের প্রাচীন উন্মেষ
প্রণয় পাঁজরে আঁকা হয়ে উঠে প্রণীত স্বদেশ
কালের প্রহরগুলো ছুটে চলে নদীদের টানে ।

ক্রমশ: বৃষ্টির মতো ঝরে প্রেম পাপড়ির বীজে
মানব-মানবী যায় ঝড় ভেঙে , ঋতুদের খোঁজে ।

Monday, September 21, 2009

কাজের বিনিময়ে গদ্য


কাজের বিনিময়ে গদ্য
==============
পরিকল্পনা টা ছিল তার
যে কি না একটা যৌথ খামার
করতে চেয়েছিল আমার সাথে

আমি শুধু খাটনি দেবো কোনো পুঁজি নয়
যে ভাবে 'কাজের বিনিময়ে খাদ্য ' কর্মসূচি পালিত হয়
আমাদের মাটির পাড়াতে

ও বললো , না- তার চেয়ে বরং কাজের বিনিময়ে
দাও না একটা গদ্য , পাঠিয়ে
কোনো অপরিচিত ছোটো কাগজে

যারা পড়ে এবং পড়ায় অন্যকে
আর থাকে ব্যস্ত জলামূলে, প্রথম সবকে .....
করো তাদেরকেই উৎসর্গ

একটা পলাশ কিংবা তাজা ঝিনুকের লাশ
যদি কেউ সমুদ্রের সাথে করতে চায় সহবাস
হোক না তারা জলদাশ কিংবা আরো নিম্নবর্গ ।

বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর


বিক্রীত জীবন ও সভ্যতার বিন্যস্ত নখর
ফকির ইলিয়াস
====================================
সময় পেলেই আমি আমার দুই মেয়েকে নিয়ে বিভিন্ন অভিজাত গ্রন্থবিপণি ঘুরে আসি। নিউইয়র্কে 'বার্নস এন্ড নবলস'-এ আমাদের যাওয়া হয় প্রায় প্রতিমাসেই। বই কেনা, বইপড়া আমার নেশা। আমার দুই মেয়েও বই কিনতে, পড়তে ভালবাসে। আমি তাদের বই কিনে দিতে কখনই কার্পণ্য করি না। সাধারণত 'বার্নস এন্ড নবলস'-এ গেলে আমি আমার পছন্দমতো বইয়ের সেকশনগুলো ঘুরে দেখি। কখনও সেখানে ফ্লোরে বসেই পড়া শুরু করে দেই।

সেদিনও গিয়েছিলাম বই দেখতে, বই কিনতে। ঘুরতে ঘুরতে একটি বইয়ে আমার দৃষ্টি গিয়ে থামল। বইয়ের প্রচ্ছদটিই আকর্ষণীয়। একজন ভারতীয় টিনএজের ছবি। হাতে নিয়ে বইটি পড়া শুরু করলাম। বইটির নাম- সোল্ড (SOLD)। অর্থাৎ বিক্রীত কিংবা যা বিক্রয় হইয়াছে। বইটি কবিতার। ফলে আমার আগ্রহ বেশ বেড়েই গেল। বইটি লিখেছেন-প্যাট্রিশিয়া ম্যাককরমিক। খুব খ্যাতিমান কেউ, এমনও নয়। তারপরও কাব্যগ্রন্থটি উঠে এসেছে বেস্ট সেলারে। পেয়েছে পুরস্কারও।

সূচনাতেই বলা হয়েছে, গ্রন্থটি লিখতে গিয়ে লেখিকা ভারত এবং নেপাল সফর করে দীর্ঘ সময় কাটিয়েছেন। তার অভিজ্ঞতালব্ধ চিত্রই ফুটে উঠেছে গোটা গ্রন্থের পঙ্ক্তিমালায়।
গ্রন্থটির অন্যতম চরিত্র ''লক্ষ্মী ''নামের একজন কিশোরী। হিমালয়ের তান্ডবে ওদের শস্যজমি বিনষ্ট হয়ে যায় পুরোপুরি। সংসারে সৎপিতার তদারকি ছিল। শুরু হয় চরম টানাপড়েন। একদিন সৎপিতা লক্ষ্মীকে তুলে দেয় একটি দুষ্টচক্রের হাতে। লক্ষ্মীকে বলা হয় ওকে কাজের খোঁজে পাঠানো হচ্ছে। কিন্তু ক'দিন পরই লক্ষ্মী বুঝতে পারে ও বিক্রি হয়ে গেছে। তাকে লিপ্ত করানো হয় আদিম পেশায়। লক্ষ্মীর জীবনে নেমে আসে মুখোশপরা সমাজের পাশবিক নির্যাতন। একজন কিশোরী লক্ষ্মীর জীবনযাত্রা শুরু হয় এমন অশুভবৃত্তির মাধ্যমেই।

এই গ্রন্থটিতে আরও বেশকিছু চরিত্রের বর্ণনা আছে। ওদের নাম- শাহানা, শিল্পা, প্রিয়া ইত্যাদি। ওদের নিয়ন্ত্রণ করে 'মমতাজ' নামের এক প্রৌঢ়া। সুপ্রিয় পাঠক-পাঠিকা, একটু খেয়াল করলেই দেখবেন, এমন দৃশ্যকল্প নতুন কিছু নয়। গণিকাবৃত্তি এভাবেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরও একজন মার্কিনি কবির বর্ণনায় এই 'বিক্রীত জীবন' উপাখ্যান এত বাজার পাচ্ছে কেন? তার একটিই কারণ, গ্রন্থটির লেখিকা তার লেখার প্লট হিসেবে থার্ড ওয়ার্ল্ডকে বেছে নিয়েছেন। ভারত-নেপাল অঞ্চলটি হয়ে উঠেছে তার অন্যতম পছন্দ।

ধনী-সভ্য দেশগুলো, তৃতীয় বিশ্বকে তাদের পর্যবেক্ষণের মাঠ হিসেবে দীর্ঘ সময় থেকেই বিবেচনা করে আসছে। ওই অঞ্চলের মানুষের জীবন, মন, অঙ্গ-প্রত্যঙ্গও কখনও হয়ে উঠেছে তাদের খুব বেশি 'এক্সপেরিমেন্টাল সাবজেক্ট/ অবজেক্ট '। জীবনকে বাঁচানোর বদলে, বরং জীবনকে কেটে ছিঁড়ে তাদের তত্ত্বজ্ঞান প্রতিষ্ঠায়ই ব্রত হয়েছে কোন কোন মহল। যা মানবতাকে শুধু হত্যাই করেনি, কলঙ্ক লেপে দিয়েছে গোটা মানব সমাজের চোখে-মুখে।

'সোল্ড' গ্রন্থটিতে গ্রন্থকার যে বর্ণনার বুনন নির্মাণ করেছেন তা কি ইউরোপ আমেরিকায় নেই? হ্যাঁ, এখানেও আছে। তারপরও প্রাচ্যের কোন লেখকের কলম দিয়ে সমাজের পচন কিংবা ধর্মের দিকগুলো তুলে ধরিয়ে বাজার মাত করার চেষ্টা কেন হচ্ছে? তার প্রধান কারণ দুটি। প্রথমটি হচ্ছে বিশ্বে মোড়লিপনা ধরে রাখা। আর দ্বিতীয়টি হচ্ছে, মুনাফার বাণিজ্য বর্ধন। এ প্রসঙ্গে আমি একটি ঘটনার কথা বলি। যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক চার্লস জিরহাম এক আড্ডায় জানাচ্ছিলেন তার মস্কো সফরের অভিজ্ঞতার কথা।

তিনি ১৯৭৭ সালে সে সময়ের বৃহৎ সোভিয়েত ইউনিয়ন সফর করেন। চার্লস তার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, কমিউনিজমের সে সময়ের তীর্থস্থান সোভিয়েত ইউনিয়নে বাড়তি দুটো ডলারের জন্য তরুণীরা উদগ্রীব থাকত। অনেক মার্কিনী ধনকুবের পর্যটকরা সেই আয়েশ গ্রহণের জন্য ছুটে যেতেন মস্কো অভিমুখে। পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের ডলার এভাবেই গিয়ে হাতে হাতে উড়ত মস্কোর গণিকামহলে।

ধরা যাক এই যুক্তরাষ্ট্রের কথাই। এখানে কি টিনএজরা সামাজিক সভ্যতার বিন্যস্ত নখর থেকে সম্পূর্ণ নিরাপদ? না, নিরাপদ নয়। মধ্যরাতের টিভিতে 'মিসিং কিডস্' এর ছবিসহ বিবরণ দেখলে গা শিউরে উঠে। পনেরো-আঠারো বছরের কিশোরী। ২০০১ থেকে নিখোঁজ রয়েছে! মানব-শিশুকল্যাণ সংস্থার এমন বিজ্ঞাপন দেখলে পাঁজর ভেঙে যায়। একজন পিতা হিসেবে চোখ জলে ভেসে যায়! হায় জীবন! ন' বছর ধরে নিখোঁজ মেয়েটি এখন কোথায় আছে? কেমন আছে? বেঁচে আছে কি? এমন অনেক ভাবনা মাথায় ঘুরপাক খায়।

অপ্রাপ্ত বয়স্কদের যৌন নির্যাতনে বাধ্য করতে তৃতীয় বিশ্ব এবং প্রথম বিশ্বের মাঝে একটি পার্থক্য আছে। তা হচ্ছে আইনি বাধ্যবাধকতা এবং আইনি সহায়তা। তৃতীয় বিশ্বে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, সামাজিক অনাচারের সুবিচার হয় না। সুবিচার পাওয়া যায় না। প্রথম বিশ্ব সে বিষয়ে অত্যন্ত সোচ্চার ও সজাগ। ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও সেবা দিতে সর্বদা প্রস্তুত। তারপরও প্রথম বিশ্বে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি, পাচার, গ্রেভইয়ার্ড থেকে মৃত মানুষের হাড়গোড়-খুলি চুরি, সমাধি থেকে মূল্যবান ধাতু নির্মিত ফলকগুলো চুরির মতো জঘন্যতম ঘটনাও ঘটছে। সেসব ঘটনার খন্ডচিত্র তৃতীয় বিশ্বের মানুষ খুব কমই জানছে, জানতে পারছে। কারণ তা দেখার জন্য, দেখে গ্রন্থ লেখার জন্য যে সাধ্যের দরকার তা নেপাল কিংবা বাংলাদেশের একজন দরিদ্র লেখকের নেই। অথচ মার্কিন লেখিকা প্যাট্রিশিয়া ম্যাককরমিকের সে সাধ্য আছে বলেই তিনি গ্রন্থ লেখার অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত-নেপাল ছুটে যেতে পারছেন। অথবা তার প্রকাশনা সংস্থা স্পন্সর করে, খরচ দিয়ে তাকে নির্দিষ্ট অঞ্চলে পাঠাচ্ছে। নিজেদের সহস্র অন্ধকার মিথ্যায় ঢেকে, তৃতীয় বিশ্বকে তুলে ধরা হচ্ছে, প্রথম বিশ্বের কাছে চরম মানবতাবিরোধী ভূখন্ড হিসেবে। ফলে ভারত-নেপাল-বাংলাদেশের যে প্রজন্ম যুক্তরাষ্ট্র-কানাডা কিংবা ইংল্যান্ড-ফ্রান্সে জন্মেছে, তারও বিরূপ ধারণা হচ্ছে পিতা-পিতামহের শিকড় সম্পর্কে। প্রপিতামহের নাড়িপোঁতা সেই রাষ্ট্রভূমি সম্পর্কে।

বিশ্বের চারপাশে ঘটে যাওয়া অমানবিক, অমর্যাদাকর, বর্বর ঘটনাবলির দৃশ্যচিত্র একজন কবি কিংবা লেখক তার লেখায় তুলে আনতেই পারেন। কিন্তু এসব স্থাবর কাঁটাগুলো দূর করবে কে? দূর করতে এগিয়ে আসতে হবে রাষ্ট্রপক্ষকে। পারস্পরিক সৌহার্দ্য, রাষ্ট্রীয় আইনের উপাদান বিনিময়, সংহতির শক্তিচর্চা সর্বোপরি মানবিক বিবেক জাগ্রত করে তোলার মাধ্যমেই এসব সামাজিক অনাচার রোধ করা সম্ভব।

আমরা দেখছি, নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন (এনজিও) এর নামে পাশ্চাত্যের একটি শ্রেণী প্রাচ্যে গিয়ে কর্মকান্ড চালালেও নেপথ্যে এক ধরনের শোষণের মনোবৃত্তি লালন করছে কেউ কেউ। এমন মানসিকতার চির অবসান প্রয়োজন। বিক্রীত মানব জীবনকে উপজীব্য করে যারা যশ এবং অর্থ দুটোর পেছনে ছুটছেন, তাদের অজানা নয় মানবতাবোধই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তির নাম। কিন্তু তারা তার পরিচর্যা করছেন না।

বিক্রীত জীবনের গ্লানি আমাদের যেমন পীড়া দেয়, ঠিক তেমনি সভ্যতার বিন্যস্ত নখরও আমাদের আতঙ্কিত করে তোলে সমানভাবে। একজন কবি যেমন সুন্দরের পূজারি, একজন কৃষকও তেমনি সুন্দরের বিবর্তক। তার ফলানো ফসলের হাসি, ধানচারার সবুজ মাঠে বয়ে যাওয়া ঢেউ আমাদের আশায় নবতর দোলা দিয়ে যায়। রাষ্ট্র ও সমাজের প্রধান শত্রু 'দারিদ্র্য' 'অভাবের তাড়না'-ই সৃষ্টি করে ক্ষত। তাই আবারও বলি, দারিদ্র্যমুক্ত বিশ্বই হতে পারে প্রজন্মের শ্রেষ্ঠ আশ্রয়। #

http://media.somewhereinblog.net/images/FAQIRELIASblog_1253241142_1-26956224.jpg

Thursday, January 8, 2009

মাঝে মাঝে খুব বেশি ভুল করে ফেলি


মাঝে মাঝে খুব বেশি ভুল করে ফেলি। অভিমানী পৃথিবীর
দিকে তাকিয়ে দেখি ক্ষয়িষ্ণু বোধের বিকেল, আমাকে গ্রাস
করতে এগিয়ে আসছে। যারা আমার সাথী ছিল , তারা সবাই
বেছে নিয়েছে অকাল অবকাশ। পেরিয়ে মধ্যবয়স তারা আর
কোনো নদীতেই কাটতে পারছে না সাঁতার।অথচ আমরা বার
বার ভাসবো- ডুববো , তারপর কৌশলী ডুবুরীর মতো ভিড়ে
যাবো রৌদ্র উপকূলে, এমন একটা প্রত্যয় ছিল খুব গোপনে।

সব গোপন , সকল সময় আর লুকানো থাকে না। রহিত রাত
এসে আলিংগন করলে একান্ত বিরহ ও হয়ে যায় মায়াবী বুনন।
বীজ আর বীক্ষণের শিয়রে বসে শুধু হাত নাড়ে ভুলের রুমাল।
সে ও ধারণ করে রেখেছে কিছুস্মৃতি,বৈশাখে আমাকে দেবে বলে।

মৌলবাদ যেভাবে সমকালকে ধ্বংস করে দেয়


মৌলবাদ যেভাবে সমকালকে ধ্বংস করে দেয়
ফকির ইলিয়াস
--------------------------------------
মৌলবাদ দমনে বিশ্বের নীতিনির্ধারকরা প্রকৃতপক্ষে আন্তরিক কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, মৌলবাদ সব সময়ই সামন্তবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বিশেষ করে সমাজতান্ত্রিক বিশ্বকে ভেঙে খান খান করে দিতে পুঁজিবাদীরা এটাকে ব্যবহার করেছে। এমন কি গোত্রগত সংঘাত চাঙ্গা করে রাখতেও ব্যবহৃত হয়েছে মৌলবাদী দানতন্ত্র। তবে কি পরোক্ষভাবে গণতন্ত্রই মৌলবাদের সহচর? আসতে পারে সে প্রশ্নটিও।
দেখা গেছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নামে কোন কোন দেশে মৌলবাদকে উসকে দেয়া হয়েছে। বলা হয়েছে- এটাও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। পুঁজিবাদীরা একে ব্যবহার করেছে তাদের প্রয়োজনে। পরে দেখা গেছে এভাবেই ছড়িয়ে পড়েছে বিষবাষ্প। দূষিত হয়ে গিয়েছে ক্রমশ! গোটা বিশ্বের মুক্তিকামী গণতান্ত্রিক মানুষের নিঃশ্বাসের আবাসস্থল।
সাম্প্রতিক উদাহরণ হিসেবে ইরাকের কথাই ধরা যাক। ইরাকের শাসক সাদ্দাম হোসেন স্বৈরাচারী ছিলেন। ইরাক শিয়া অধ্যুষিত দেশ। তারা সংখ্যাগরিষ্ঠ। ভোট হলে শিয়ারা ক্ষমতায় থাকবে সারাজীবন। সুন্নী পন্থী সাদ্দাম হোসেন টুঁটি চেপে ধরে ছিলেন। ক্ষমতায় ছিলেন বলপূর্বক। এই সাদ্দাম একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যুক্তরাষ্ট্রের। সে সম্পর্কে ফাটল ধরার পরই তিনি যুক্তরাষ্ট্রের শাসকদের কাছে চোখের বালিতে পরিণত হন।
সাদ্দামের দেশ ইরাকে গণবিধ্বংসী পরমাণু অস্ত্র আছে, এমন ধুয়া তুলে যুক্তরাষ্ট্র। তারপর যুদ্ধ বাধায়। সে যুদ্ধ এখনো চলছে। ইরাক এখন ধ্বংসস্তূপ। তারপরও পুঁজিবাদীর দৃষ্টি সেখানে প্রসারিত। নেপথ্য নিয়ন্ত্রণ রাখার মরিয়া প্রচেষ্টা চলছে। অন্যদিকে বিদ্রোহীরা মৌলবাদী লেবাসে হোক আর জঙ্গিবাদী লেবাসে হোক প্রতিদিন চোরাগোপ্তা হামলা করছে। শেষ সময়ে এসে আক্রান্ত হয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। একজন সাংবাদিক বুশকে জুতো নিক্ষেপ করেছেন। তার নাম মুন্তাজার আল যাইদী। জাইদীর ক্ষোভ ছিল ভীষণ, তিনি স্বজন হারিয়েছেন এই যুদ্ধে। নিজে বন্দি থেকেছেন। ইরাক যুদ্ধে নিহত মানুষের লাশ জাইদীকে ব্যথিত করেছে। তিনি তার ঘৃণার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এমন ঘৃণা পুঁজিবাদী দুঃশাসন এবং মৌলবাদী হায়েনা দুটোকেই উসকে দেয়। বুশের মাথার ওপর দিয়ে একজোড়া জুতো উড়ে যাওয়ার পর বুশ সাংবাদিকদের হেসে কি বলেছেন- সেটা দেখুন। বুশ মসকারা করে বলেছেন- ‘ইট ওয়াজ এ সাইজ টেন’! অর্থাৎ জুতা জোড়া দশনম্বর ছিল। ভাবটা যেন এমন, চৌদ্দ নম্বর জুতা তার মাথার ওপর দিয়ে উড়ে গেলেও তার কিছু যায় আসে না! এর কারণ কি? কারণটি হচ্ছে সামন্তবাদ ধরে রাখতে হলে এমন ঘটনাবলী সহজে গ্রহণ করার মানসিকতা থাকতেই হয়! বুশ জানেন, ইরাক যুদ্ধে চার হাজার দুইশ’র বেশি মার্কিনী সৈন্য প্রাণ দিয়েছে। পরিসংখ্যানটি সরকারি। বেসরকারিভাবে এর সংখ্যা বেশি হতে পারে। আর কতজন ইরাকি প্রাণ দিয়েছে এর হিসাব শুধু মহাকালই জানে। ইরাকে বর্তমানে শিয়া-সুন্নির মাঝে যে গৃহযুদ্ধ চলছে এর শেষ কোথায় তা স্বয়ং বুশও জানেন না। তবে বুশ এ জন্যই সন্তুষ্ট, তিনি যুদ্ধটি বাধাতে পেরেছেন।
যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মিস কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইরাকীরা যে তাদের মৌলিক স্বাধীনতা ফিরে পেয়েছে, এই ঘটনা তার প্রমাণ। কি আহাম্মকি মার্কা কথাবার্তা! ইরাকে কি তাহলে আগে মৌলিক স্বাধীনতা ছিল না? অবশ্যই ছিল, বরং শিয়া-সুন্নির মাঝে গোত্রগত স্থায়ী সংঘাতের জন্ম দিতে পেরে সে স্বাধীনতায় কেরোসিন ঢেলে দিয়েছে পুঁজিবাদীরা। দোহাই দিয়েছে মৌলবাদের। আর এ সুযোগে কাগুজে বাঘ বিন লাদেনের নামে জোশ পেয়ে মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে অনেক আত্মঘাতী স্কোয়াড। এরা নানাভাবে তটস্থ রাখছে গোটা বিশ্বকে।
ধরা যাক আলজিরিয়ার কথা। সেখানেও গোত্রীয় সংঘাত বাঁচিয়ে রাখা হচ্ছে এই মৌলবাদী ঝা-াকে বাঁচাবার জন্য। উপমহাদেশে হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ- এই দুয়ের চরিত্রই আমরা জানি। মৌলবাদ এভাবেই ব্যবহৃত হচ্ছে জঙ্গি গ্রুপের হাতে, পুঁজিপতি শাসকদের হাতে, মুনাফাখোর বণিকদের হাতে। সিঁড়ি হিসেবে ব্যবহার করে মৌলবাদের মাধ্যমে প্রকারান্তরে চলমান সমকালকে ধ্বংস করে দিতে চাইছে এরা। লক্ষ্য করলে দেখা যাবে গোঁড়া মৌলবাদীরা সভ্যতার নান্দনিক বিবর্তনকে স্বীকৃতি দিতে মোটেই রাজি হয় না। আর বুনিয়াদী স্বার্থপর মৌলবাদের পৃষ্ঠপোষকরা সভ্যতা-সংস্কৃতিকে লোক দেখানো স্বীকৃতি দিলেও এটাকে তারা বাণিজ্যকরণের সর্বাত্মক চেষ্টা চালায়। আর বাণিজ্য করতে গেলে তখন প্রগতিবাদ ও মৌলবাদ মিশে একাকার হয়ে যায়। ড. আহমদ শরীফ এই মিশ্রণকে চমৎকার অভিধায় ভূষিত করেছিলেন। তিনি বলতেন, সুবিধাবাদী প্রগতিবাদ ও কট্টর মৌলবাদ মিলে জন্ম নেয় ‘প্রলয়বাদ’। আর এই প্রলয় ধ্বংস করে দেয় মানুষের অগ্রসর হওয়ার সব স্বপ্নমালা। বন্ধ করে দেয় সমাজের উন্নয়নের সব মুক্তপথ।
সমকাল সব সময়ই পরিবর্তনকে সূচি করে অগ্রসর হতে চায় আর দানবিক পেশিশক্তী এক ধরনের ত্রাস সৃষ্টি করে বিনষ্ট করতে চায় সামাজিক সম্প্রীতি। বাংলাদেশে যখন ভোটের রাজনীতি শুরু হয় তখন এসব মৌলবাদী গোষ্ঠী একদিকে অপতৎপরতা চালায়, অন্যদিকে ভোটও চায় সাধারণ মানুষের কাছে। ভাবতে অবাক লাগে, এরা অতীতে পাশও করেছে। গিয়ে বসেছে সংসদেও। অথচ ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই জাতীয় সংসদ, এই জাতীয় সংবিধান-মুক্তিকামী সাধারণ মানুষের নিয়ন্ত্রণেই থাকার কথা ছিল। উন্নত গণতান্ত্রিক দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা শোষণের মানসিকতা ও ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্বে মৌলবাদীকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে। এখনও করছে।
নিউইয়র্ক, ২০ ডিসেম্বর ॥ ২০০৮
-----------------------------------------------------------------------
দৈনিক ডেসটিনি । ঢাকা । ৩১ ডিসেম্বর ২০০৮ বুধবার প্রকাশিত

প্রকৃতি হত্যার অপরাধ


প্রকৃতি হত্যার অপরাধ
ফকির ইলিয়াস
===========
বাংলাদেশে এখন শীত মৌসুম চলছে। শীতের চাদরে মোড়া গ্রামবাংলা। সদ্য কেটে তোলা ফসলের ধূসর মাঠ। কিছুটা শুষ্ক আবহাওয়া আর শিমুল-বকুল ফুলে সুশোভিত ফুটপাত। পৌষ-মাঘে বাংলাদেশের যে নয়নাভিরাম দৃশ্য অবলোকন করা যায় তা সত্যি প্রাকৃতিক নৈসর্গিক এক অপহৃর্ব সমাহার। এ সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী বিল-ঝিলগুলোকে আরো মুখরিত করে তোলে বিদেশি অতিথি পাখিগুলো।
বাংলাদেশে এসব পাখির দলগুলো আসে ভারত, নেপাল, শ্রীলংকা, চীন, সাইবেরিয়া প্রভৃতি দেশ থেকে। ওসব দেশে প্রচ- ঠান্ডা পড়ায় পাখিগুলো দল বেঁধে অবকাশ কাটাতে অপেক্ষাকৃত কম শীতের দেশে চলে আসে। কিন্তু বাংলাদেশে এসে এসব পাখি নিরাপদ থাকতে পারে না। শিকারিদের জাল তাদের বন্দি করে। তারপর পাখিগুলো পণ্য হয় বাজারে বাজারে। শিকারিরা শিকার শিকার বলে চিৎকার দিতে দিতে পাখিগুলো বিত্রিক্র করে দেশের শহরে শহরে। উচ্চবিত্ত ধনীরা চড়া দামে পাখিগুলো কিনে নিয়ে তাদের রসনা তৃপ্তি জোগান।
বাংলাদেশে অতিথি পাখি নিধন চলছে গেল প্রায় দুই যুগ থেকেই। পাকিস্তান আমলে বড় ধনীরা বন্দুকের লাইসেন্স নিতেন। তারপর তারা দলবল নিয়ে বেরুতেন পাখি শিকারে। ঝাঁক ঝাঁক পাখির ওপর চলত তাদের কার্তুজ। তা ছিল এক ধরনের সামন্তবাদী মানসিকতার বিকৃত সুখ। পাখির মাংস বড় জমিদারদের ভোজনবিলাসে রকমারি আইটেম হতো।
মহান মুক্তিযুদ্ধের পর বন্দুকের লাইসেন্সের ওপর কিছুটা কড়াকড়ি করার পর দলবেঁধে পাখি শিকারের প্রবণতা কিছুটা কমতে থাকে। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে বিবেকবান মানুষের জাগ্রত বিবেকের কাছে হার মানতে থাকে সনাতনী মানসিকতা। বন্দুক বা এয়ারগান দিয়ে পাখি শিকারের প্রবণতা অনেকটা কমে আসে; কিন্তু বেড়ে যায় বাণিজ্যিকভাবে জাল ফেলে পাখি ধরার কার্যত্রক্রম। সরকার এ ব্যাপারে বিধিনিষেধ আরোপ করেও কোনো কার্যকর ভহৃমিকা রাখতে সক্ষম হয়নি। এ বছরের শীতের শুরুতেই পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, উত্তরবঙ্গ, যশোর সীমান্তবর্তী এলাকা এবং সিলেটের জাফলং, তামাবিল, ভোলাগঞ্জ সীমান্ত অঞ্চলে পাখি ধরার ব্যাপক হিড়িক পড়েছে। প্রকাশিত খবর অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নাকের ডগার ওপর দিয়েই চলছে এসব শিকার। সুযোগে এসব সংস্থার সদস্যরাও কামিয়ে নিচ্ছে টু-পাইস।
একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে গেল কয়েক বছর ধরে ইলিশ উৎপাদন অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে। বাজারে গত বছর ইলিশ মাছ ছিল দুষ্প্রাপ্য। যা পাওয়া গেছে তাও বিক্রি হয়েছে অত্যন্ত চড়া মূল্যে। লক্ষণীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রাণী বিজ্ঞানীরা গত ১০ বছর ধরেই সে আশংকা প্রকাশ করে আসছিলেন। বিশেষ কাজে জাটকা মাছ ধরার প্রবণতা থেকে সে আশংকা প্রকট হয়ে উঠেছিল। জাটকা নিধন বল্পব্দ করার জন্য সরকারি প্রচেষ্টা যথেষ্ট ছিল না। এক শ্রেণীর ব্যবসায়ী জাটকা নিধন করে টাকা বানাতে ছিল তৎপর। সেই কুফল এখন দেশের জনগণ ভুগতে শুরু করেছেন।
বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছের একটি ভালো বাজার ছিল বিদেশেও। ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যের বাঙালি গ্রোসারিগুলোতে বাংলাদেশের ইলিশ মাছের ভালো কাটতি ছিল। প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি, ২০০৭ সালের শেষদিকে নিউইয়র্কের বাঙালি গ্রোসারিগুলোতে বাংলাদেশের ইলিশ মোটেই পাওয়া যায়নি। সে স্থানটি এখন দখল করে নিয়েছে মিয়ানমারের তুলনামহৃলক কম সুস্বাদু অপুষ্ট ইলিশ। বাংলাদেশ বঞ্চিত হচ্ছে বৈদেশিক মুদ্রা আয় থেকেও।
এটা দুর্ভাগ্যজনক, প্রকৃতির ভারসাম্যতা রক্ষায় বাংলাদেশের সরকার ও সিংহভাগ জনগণ উদাসীন ভহৃমিকা পালন করছে। বৃক্ষ নিধন করে ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ হাসিল করা হচ্ছে। প্রকৃতি হত্যার অপরাধটুকু কেউ অনুধাবনই যেন করতে পারছেন না। উজাড় হয়ে যাচ্ছে বাংলাদেশের বনাঞ্চল। কমে যাচ্ছে ত্রক্রমেই সবুজ আবহ।
পাখি, বাঘ, হরিণসহ প্রভৃতি প্রাণী নিধনের ব্যাপারে বন ও পশুপালন অধিদফতরের নিজস্ব আদেশ ক্রম রয়েছে। কিন্তু খোঁজ করলে দেখা যাবে অনেক পদস্থ সরকারি কর্মকর্তা, মন্ত্রী, আমলাই অতিথি পাখির প্রধান ক্রেতা। হরিণের সুস্বাদু মাংস দিয়ে ভূরিভোজন তাদের প্রিয় সখের অন্যতম।
বাংলাদেশে দুর্লভ জাতের গুই, গোখরা সাপ মেরে এর চামড়া বিত্রিক্র করা হচ্ছে চড়া মহৃল্যে বিদেশে। তা করছে একটি সংঘবদ্ধ দল। মাছ, পাখি, সাপসহ বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য পশু-পাখি ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বাংলাদেশেও এখন ইলিশ মাছ আমদানি করা হচ্ছে মিয়ানমার থেকে। আমদানি হচ্ছে অন্যান্য মাছও। পশু-পাখি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় বাংলাদেশের আপামর জনসাধারণের এগিয়ে আসা উচিত। কারণ এ সমস্যা একটি জাতীয় সমস্যা। দেশের প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হলে তার ভুক্তভোগী হতে হবে সারাদেশের মানুষকে। বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় কি একটু দায়িত্বশীল হবে?
--------------------------------------------------------------------------
উপসম্পাদকীয় । দৈনিক সমকাল,ঢাকা। ৭ জানুয়ারী ২০০৯

Sunday, November 16, 2008

কবির অর্ন্তদৃষ্টি,কবিতার যোজন গ্রহপথ


কবির অর্ন্তদৃষ্টি,কবিতার যোজন গ্রহপথ
ফকির ইলিয়াস
===========================================
"[sb]Poets are the unacknowledged legislators of the world."
------- Percy Bysshe Shelley[/sb]
ভিন ভাষা থেকে যখন একটি কবিতা অনুবাদ করা হয়, তখন সঙ্গত কারণেই পাঠকের ইচ্ছে জাগে
মূল ভাষার সাথে কবিতাটিকে মিলিয়ে দেখার। কারণ তাতে জানা এবং বুঝা যায় অনুদিত কবিতাটি কতোটা মৌলিকতা রক্ষা করতে পেরেছে। মার্কিন কবি জেরালন্ড ষ্টার্ণ এর কবিতার বই ‘‘এভরিথিং
ইজ বার্নিং’’(নরটন এন্ড কোম্পানী , ২০০৫) বের হবার পর একটি সমালোচনা ছাপা হয় দ্যা নিউইয়র্ক টাইমসের বুক রিভিউ সেকশনে। সে আলোচনায় কবির কিছু কবিতার ভাবার্থ নিয়ে প্রশ্ন তোলা হয়। কবি ষ্টার্ণ তার প্রতিক্রিয়ায় বলেন ,তাই বলেতো আমি আমার কবিতা আবার রিরাইট করতে পারিনা! কবি বলেন,আমার দৃষ্টির সাথে সবার দৃষ্টির মিল থাকবে আমিতো সে কথাও বলছি না।
অনেকগুলো দৃশ্য, কবির চোখের সামনেই মিলিয়ে যায়। কবি তা ধরে রাখেন। পরে সাজিয়ে নেন নিজের মতো করে। আমাদের চারপাশে আমরা প্রতিদিন যে অসংখ্য পংক্তিমালা দেখি , তার সবগুলো কি আমাদের মন কাড়ে? না, কাড়ে না। কবি যে পথে হাঁটছেন , পাঠককে সে পথে হাঁটতে
হবে এমন কোনো কথাও নেই। শিল্প-সাহিত্যে একটা আবহ সবসময় বাস্তবতাকে ঘিরে রাখে।
একটা ছবির আঁচড় ও তো অনেক কথা বলে যায়। সেকথা বুঝতে পারে ক’জন ? ক’জনের মন দেয় এগুলোকে মেধার ছাড়পত্র ?
কবিতা মনের দ্যোতনা ছড়াতে,লিখিত হয় বার বার। আর পঠিত হয় তার চেয়েও বহুগুণ বেশী।এর কারণ একটাই । সবাই লিখতে পারে না। তারপরও মগ্ন উপাসনায় ঋজু হতে চায় সকল বিশুদ্ধ অন্তর।
[sb] যজ্ঞ করি। আগুনে ঢালছি মেঘ। সমুদ্র ও ঝড়
আগুনে ঢালছি আগুন। ঢালছি ঈশ্বরে ঈশ্বর
নিজেকেও ছুঁড়ে ফেলে দিই
স্বাহা বলে ফেলি আকাশের যাবতীয় ঘি

অগ্নি থেকে অগ্নি উঠে আসে। মেঘ থেকে জল
সমুদ্র ফাটিয়ে ওঠে গেঁড়িভুক শোকনীল নাবিকের দল
আমি যজ্ঞ করি আর আগুনের মধুগুলি চেটেপুটে খাই
নিজেরেও সমগ্র পোড়াই

জঙ্গল শুন্য করে ছুটে আসে গাছপালা, গুল্ম ও লতা
ছায়াপথ শুন্য করে ছুটে আসে অন্ধ নীরবতা
মাটি ফুঁড়ে ওঠে আসে ওঁম তৎ সৎ
যজ্ঞ করি। নিজেকে আগুনে ঢালি। পোড়ে ভবিষৎ ।
( যজ্ঞ / বিকাশ সরকার )[/sb][si][/si]
কবি যাই বলুন না কেন, ভবিষ্যতই নির্মিত হয় আগুয়ান প্রজন্মের হাতে। যারা এই সমকালকে শিয়রের বালিশ করে মহাকালের কোলে নিশিরাত ঘুমায় । আবার জাগে। প্রতিদিন নতুন সূর্য কামনা করে।
[sb]দুই[/sb]
আমাদের মননে , বাংলা সাহিত্যে শামসুর রাহমান এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মুখ থেকে জীবনের শেষ
মুহুর্ত পর্যন্ত আমরা শুনেছি আশার বানী।
বাংলাদেশ যখন জঙ্গীদের লীলাক্ষেত্র , কবি বলেছেন - এ আঁধার কেটে যাবে। এই যে স্বপ্নচারী মন,
সেই মনের মেরুপথেই হাঁটে কবিতা।
যুগে যুগে বদলে যায় কবিতার ক্ষেত্র। বদলে কবির অভিজ্ঞতাও ।

[sb]একটা মুদ্রা পেলেই অমনি আমি কুয়ার জলে ফেলে দিতাম। তোমার চোখের মতো,যে মুদ্রার এপিঠ ওপিঠ দু’পিঠেই থাকে ঈশ্বর , মুদ্রা পতনের সাথে সাথে ঈশ্বর কেঁদে উঠতো , আর তার কান্নার ভেতর দেখতে পেতাম অদৃশ্য এক ঘোড়া ,যে ঘোড়া ঘাড়েকরেছে সূর্য , পায়ের ভেতর নিয়েছে দৌড়ের পদাবলী সেই জন্মাবধী, একটাভোররাতের পাশে দাঁড়িয়ে আছো তুমি আলোর পাথর আর সেখানে পড়ে আছে নর্তকীদের ভাঙা পা , কেবল আমার হাতে একটা মুদ্রা এলেই কুয়ার জলে জমে ওঠেঈশ্বরের কান্না, ভেসে ওঠে মুদ্রার শ্বাপদ আর তোমার পৌরাণিক গায়ে জমে ওঠে ভোররাতের লীলা।
( পাথর শুধু অন্ধকার হতে থাকে -চার / জুয়েল মোস্তাফিজ )[/sb][si][/si]
কবিতার এমন নবতর আকাংখা প্রতিদিনই উঠে আসে। নিয়ত মৃত্তিকাকে সামনে রেখে কবি
ভেসে যান বৃষ্টিসমুদ্রে। আর তা তাবৎ মানুষের অলৌকিক সমষ্টি শক্তিই বলা যায়।
একটা কথা আমরা সবাই জানি , মানুষের মনোজগতে একধরনের গোপন আড়াল সব সময়ই থেকে যায়। মানুষ মূলতঃই একা এবং অভিন্ন। বেদনার বর্ষায় লিখিত কোনো কবিতার চিত্রলকল্প তাই হয়তো প্রতিটি মনকে এককভাবেই দোলা দেয়। ঢেউ জাগিয়ে নিয়ে যায়
অন্যস্রোতে। স্মরণ করতে পারি জীবনানন্দ দাশকে আবারো বিনয়ের সাথে।
[sb]এখানে নক্ষত্রে ভরে রয়েছে আকাশ
সারাদিন সূর্য আর প্রান্তরের ঘাস ;
ডালপালা ফাঁক করে উঁচু উঁচু গাছে
নীলিমা কি চায় যেন আমাদের পৃথিবীর কাছে।

চারদিকে আলোড়িত রোদের ভিতরে
অনেক জলের শব্দে দিন
হূদয়ের গ্লানি ক্ষয় কালিমা মুছিয়ে
শুশ্রুষার মতো অন্তহীন।
( এখানে নক্ষত্রে ভরে / জীবনানন্দ দাশ)[/sb][si][/si]
এই যে অমর শুশ্রুষা, তা ই মানুষকে আলো দেয় যোগাত্মক নিয়মে। এর কোনো বিকল্প নাই। আর নাই বলেই একজন বাউল কবি কিংবা একজন নাগরিক কবি দুজনেই এসে মিলিত হয়ে যান একই সড়কে। যে সড়ক ধারণ করে চলেছে অগণিত পদচিহ¡। অগণিত নোখের আঁচড়।
তাই সমকালের একজন কবিও খুঁজেন সেই অদৃশ্যতাকে। তার কণ্ঠ হয়ে উঠে সবকালের কোনো সমর্পিত কবিকণ্ঠ।
[sb]যে বুঝে বেদনার কথা
তারে ডাকি স্বজনের নামে
তার নামে ডাক পাঠাই দু’চোখের খামে
যে পাবার সে পেয়েছে
কথার মাহাত্ম্য গোপন রেখেছে সেইজন
নিঃশব্দে, আমার মুখে সে পড়ে
ভিতর ভাঙে ধীরে ইচ্ছে আলোড়ন।
( অদৃশ্য / মাশুক ইবনে আনিস )[/sb][si][/si]
এই ধীরে বয়ে যাওয়া প্রশ্বাসই কবিকে দিয়ে লিখিয়ে নেয় কালের কবিতা।
[sb]তিন[/sb]
একজন কবি বলতেই পারেন, আমার নিজস্ব কোনো ঘর নেই। এই পৃথিবীটাই আমার
ঘর। আমার নিজস্ব কোনো ভাষা নেই, মানবসত্তার নিঃশ্বাসই আমার ভাষা।
কার্তিকের মাঠে দাঁড়িয়ে আছেন কবি। আর ক’দিন পরেই অগ্রহায়ন। আমার কেন জানি মনে হয় ‘গ্রহন’ শব্দটির সাথে আগ্রহায়ন মাসের একটা মিল কোথাও আছে। ফসল তোলার দিনকে সামনে রেখে মানুষ তার ভবিষ্যতের স্বপ্ন নির্মাণ করে যায় নিরন্তর।
প্রেমিকাকে জানিয়ে দেয় , সামনে শুভদিন। আদিকাল থেকে এই যে শুভদিনের প্রত্যাশা, তা ই একেকটা কবিতা।
[sb]দারচিনি দিনে- - - দিঘীমুখি হয়েছে মেঘ
সুষম প্রমোদে
এই প্রবণ - পাখি জানে
কী র- আছে পরাণে।
এখন সন্ধ্যার ডাকে - - - চাঁদ ফেরে
তোমার ধারণা গাঁয়
বেহাত বৈভবে একদিন তুমি
জেনে যাবে লীঢ় অনুরাগ
বিতং বিজনে থেকে যাই আজ।
( থেকে যাই আজ / ফজলুররহমান বাবুল )[/sb][si][/si]
বিশ্বের কোথায় কি কবিতা লিখা হচ্ছে তা জানা , খোঁজা এবং বুঝা কেও একজন প্রকৃত কবির দায়িত্ব বলে আমি মনে করি। কারণ ,কবিতার সমকালকে না জানলে বিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া কঠিন।
শেলী বলেছেন , কবিরা হচ্ছেন বিশ্বের অস্বীকৃত সংবিধান নির্মাতা। যারা কালে কালে মানব সভ্যতার কাঠামো নির্মাণ করে যান।
মার্কিন কবি জ্যাক গিলবার্ট বলেন ,আমাকে পড়তে হয়। সমসাময়িক কবিতা না পড়লে নিজেকে লাইনচ্যুত ট্রেন মনে হয়।
আগামীর কবিতা কেমন হবে তা কেউ বলতে পারবে না। তবে কবি তার কল্পসুতো টেনে রেখে যাবেন সুন্দর ভবিতব্যের জন্য।
[sb]যে কথা বাতাসে কোকিল হয়ে ওড়ে কেবল তারই
আঁচড়ের স্বর শুনি; পাতার মধ্যে শুয়ে পড়ে
আকাশমুখী পাখিগুলিকে বানাই কানের দুল।
দগ্ধলতায় , বনমানুষের পাড়ায় দূর নদীতে লঞ্চ চলার শব্দে
জমে ওঠে বাতি পোড়া অরিন্দমি নিরবতা । নঝুম জোনাকির
আলোকগন্ধে নাকফুলে বাজাই বিজলীর তবলা;
দূর চলে আসে ক্রমশঃ গলির মোড়ের চায়ের স্টলে
মাথায় পিয়ানো বাজানো সবুজ বালিশ পেতে।
( সোনার হ্যারিকেন ও শিস বাজানো মাছ - সিরিজ / ফেরদৌস মাহমুদ[/sb][si][/si] )
কবিতাকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব কারো একার নয়। সবার । সকলের। যারা লিখবে, যারা পড়বে। অনুপ্রাসের যে ধ্যানগরিমা, তার অমিত তেজ কেউ নেবে কি নেবে না,সে স্বাধীনতা সবার হাতে পৌঁছে দিয়েই কবিতা এগিয়ে যেতে ভালোবাসে।
[sb]সমুদ্র নিকটে আসে বহু বহুবার মানুষ আসে না ।
আকাশ অনেক বাসে বহু বহুবার মানুষ বাসে না।
( বিনয় মজুমদার প্রসঙ্গে একটা কবিতা / অশোক দাশগুপ্ত )[/sb][si][/si]
কবিতার এই নক্ষত্র রাজ্যে কবির বুনন যে সিঁড়ি তৈরি করে যায় , তা মহাকালে সমর্পিত হবে
এই বিশ্বাস ই আরেকটা কবিতার জন্ম দেয়।
[sb]চার [/sb][si][/si]
একটি কবিতা কতোটা কবিতা হয়ে উঠলো সে বিষয়ে কবির কতোটা খেয়াল রাখা দরকার , তা নিয়েও ভিন্নমত থাকতে পারে। কিন্তু সর্বোপরি কবি যদি যা ইচ্ছে তা,লিখে কবিতা বলে চালিয়ে দিতে
চান তাও বর্জন করার অধিকার রাখে মহাকাল।
[sb]মানুষের সবকথা শেষ হয়ে গেল এইখানে এসে
সারদিন সারারাত ভোরের রৌদ্র-বাদল শেষে-
অনেক মৃতের হাড় গড়িয়ে পড়েছে ক্রমশঃ নিঝুম
প্রান্তরের দিকে- আর তোমার চোখের মণিতে ঘুম
আর মৃত্যু নিয়ে , ভালোবাসা নিয়ে তারা রাতজাগা জলের কুসুম
নিয়ে-মানুষ কেন এসেছিল একদিন যদি আর না-ই পাবে ওম ?
তুমিও বা এসেছিলে কেন? মগ্ন-জোৎসনার রাতে
কেন তুমি এসেছিলে ফড়ি- সকাল নিয়ে হাতে?
বলে না সে -‘না’ -বলা মুখের পরে এসব উত্তর
নির্জনে লিখে রেখে গেছে সেই শতাব্দীর স্বর ।
(মধু বৃক্ষ প্রতারণা বিষ - চৌদ্দ / আলফ্রেড খোকন )[/sb][si][/si]
লিখে যাবার জন্যই হয়তো এসেছিল সবাই । কিন্তু পারেনি। পারছে না। অনেকে একজন কবিকে দশকের বৃত্তে বন্দি করতে চান না। কবিতার ইতিহাস বলে , যে কোনো কবির কবিতায় তার সমকালের ছাপ পড়বেই। দশক বরং মেধার সাথে বয়সের সমন্নয় ঘটিয়ে কবির নিজস্ব পরিমন্ডল
গড়ে তুলে।তার পরিচয়ের বিকাশ ঘটায়।ইউরোপ-আমেরিকার নামী প্রকাশনীগুলো তাই দশকওয়ারি কবিতার সংকলন প্রকাশ করে সে সময়ের দলিল প্রণয়ন করতে আগ্রহ দেখায়। সহস্র যোজন পথের উৎসমুখ তৈরি করে রাখে। সবচেয়ে বড়কথা হচ্ছে নিজের পদছাপ রেখে যাবার কৃতিত্ব। যা কেবল একজন ধ্যানী কবিই পারেন।
ক’জন নবীতম কবির জবানীতে এমন কিছু চিত্রকল্প দেখা যাক।
[sb]১ প্রতি সন্ধ্যায় পুরোনো গাঙুর নদীটি উৎসবের সুরে
ভাঙ্গতে ভাঙ্গতে দু’তীর বেহুলার মতো মূক হয়ে যায়
আমার লখিন্দর ভাইটি তবু জেগে উঠে না বিস্মরণের ভোরে
( রোদ রঙ ঘোড়া চরিত/ সুমন সুপান্থ )
২ অই যে পূর্বাকাশে লাল পাগড়ি ওড়াচ্ছেন প্রতি প্রত্যুষে
উনি অহম
অই যে লজিং মাস্টার সন্ধ্যার ফ্রক দেখছেন খুঁটে খুঁটে
উনি ঈর্ষা
( শিরোনামহীন-১২ / মাজুল হাসান )
৩ পর্যাপ্ত প্রবাসে উড়ে যাও পাখি
আমি রাখি প্রহরায় - ফেলে যাওয়া পালকের স্তুপ
গতকাল থেকে এল নিশ্চুপ গান , ফের মুখোমুখি
( পাখিকাতরতা / ইফতেখার ইনান )
৪ এ শহরে কারো কারো রাত সঙ্গম মুখর
আর কেউ কেউ বেদনার সুতো বোনে-
রাত এলে পরে
নিজের কবর নিজেই খুঁড়তে শুরু করে
( রাত নেমে এলে / আসমা বীথি )
কবিতা জীবনের উদ্ধার এনে দেয়।কবিতা মহাসাগরের তীরে বসে একজন মানুষকে আত্মমগ্ন
হতে শেখায়। আমার সবসময়ই মনে হয় একটি দীর্ঘ কবিতার কক্ষপথে পরিভ্রমন করছে
আপামর সৃষ্টিকুল। # #
-----------------------------------------------------------------------------
দৈনিক ডেসটিনি/ ২৩ মে ২০০৮ শুক্রবার প্রকাশিত

Saturday, November 15, 2008

ক্রান্তিকালের নির্বাচন ও গণবিচ্ছিন্ন রাষ্ট্ররক্ষকেরা


ক্রান্তিকালের নির্বাচন ও গণবিচ্ছিন্ন রাষ্ট্ররক্ষকেরা
ফকির ইলিয়াস
---------------------------------------------------------------------------------
একটি রাষ্ট্রের রক্ষক কিংবা ত্রাতা কখনই কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী হতে পারে না। একটি দেশে তার নিজস্ব প্রকল্পের পরিভ্রমণ থাকে। প্রজন্ম বেড়ে ওঠে। যোগ্য নেতৃত্ব সামনে এগিয়ে আসে। এক সময় তারা রাষ্ট্রের নেতৃত্বভার গ্রহণ করে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই নিয়ম থেকে ব্যত্যয় যে ঘটে না তা বলছি না। কিন্তু মানুষের অগ্রসরমাণ চেতনাকে দমিয়ে রাখা যায় না। উচিতও নয়।
একটি দেশে দু’ চার শ’ দুর্নীতিবাজ নেতা নির্বাচন করতে না পারলে সে দেশের রাজনীতি থমকে থাকার কথা নয়। কারণ প্রতিটি দেশের বিভিন্ন রাজনৈতিক বলয় থাকে। সামনের সারিটি ব্যর্থতার জন্য কুপোকাত হলে পেছনের সারি সামনে চলে আসে এবং দায়িত্ব নেয়। দেশকে এগিয়ে নিয়ে যায়।
বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তেমনি নানা মেরুকরণ হচ্ছে। দেড় দু’ শ’ নেতা এমপি পদে প্রতিদ্বëিদ্বতা করতে পারবেন না বলে সংবাদ বেরুচ্ছে পত্রপত্রিকায়। কেন তারা নির্বাচনের মাঠে খেলোয়াড় হতে পারবেন না তা কারও অজানা নয়। এরা হয়তো দণ্ডিত। না হয় মামলার সম্মুখীন। দেশের নির্বাচনী আচরণবিধিকে সম্মান করলে তাদের উচিত নিজে থেকেই সরে দাঁড়ানো; কিন্তু তারা তা হয়তো করবেন না। তাই বাধ্য হয়েই তাদের অকার্যকর করে দেয়ার কথাটি আসছে।
কথা হচ্ছে যারা দুর্নীতিবাজ বলে প্রমাণিত তারা আবার জনপ্রতিনিধি হতে যাবেন কেন? তারা তা হতে চান নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এ জন্য তারা মরিয়া। মারমুখো হয়ে নানা ধরনের জঘন্য আচরণ করছেন প্রকাশ্যে। টিভিতে একটি সচিত্র প্রতিবেদন দেখলাম। বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু একজন জেল পরিদর্শকের ওপর চড়াও হয়েছেন।
নাছির আহমেদ নামক এই পুলিশ অফিসার প্রকাশ্যে সাংবাদিকদের জানিয়েছেন, পিন্টু তাকে ঘুষি মেরেছেন। কি বর্বর আচরণ। কি জঘন্য হীনম্মন্যতা। জেলে থেকে যে রাজনীতিক এমন আচরণ করতে পারছে বেরিয়ে এলে তার আচরণ কেমন হবে? এ রকম নেতাই আজ বিএনপি থেকে ভোটে দাঁড়াতে চায়। এরাই হতে চায় এই দেশ এই জাতির ভবিষ্যৎ রক্ষক? এমন নানা কঠিন এবং জটিল প্রশ্নগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের একটি প্রধান দল বিএনপি খাবি খাচ্ছে তাদের নিজেদের তৈরি জলাশয়ে। কারণ তারা এমন কাউকেই বিশ্বাস করতে পারছে না। যে দানবতন্ত্র বিএনপি প্রতিষ্ঠা করেছিল সেসব দানব এখন দলছুট। কেউ বিদেশে, কেউ পলাতক, কেউ জেলে, কেউ গণবিচ্ছিন্ন। এসব রাষ্ট্ররক্ষক নামের দানবরা জেলে থেকেই যে কতটা ভয়ঙ্কর সেটাই প্রমাণ করেছে পিন্টু নামের সাবেক সাংসদ।
বিএনপি আসলে কি চাইছে? তারা কি চাইছে তাদের সেই পরিকল্পিত নির্বাচন? যদি তা না হতো তবে তারা একের পর এক দাবি দিয়ে মাঠ ঘোলা করার চেষ্টা করছে কেন? তাদের দাবি মেনে মনোনয়নের মেয়াদ বাড়ানোর পরও খন্দকার দেলোয়ার ‘সাজানো’ পাতানো নির্বাচনের গ খুঁজে বেড়াচ্ছে কেন?
বিএনপির সন্দেহকে পাকাপোক্ত করা হয়েছে শেখ হাসিনার ১৮ ডিসেম্বরের নির্বাচনের জোর দাবির মাধ্যমে। শেখ হাসিনা কিছুটা বেশি আগে বেড়ে এমন দাবির সীলমোহরটি না মারলেও পারতেন। কেউ না এলেও আওয়ামী লীগ নির্বাচনে যাবে কিংবা ১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে এমন দৃঢ় দাবির মাধ্যমে শেখ হাসিনা অদ�রদর্শিতার পরিচয় দিয়েছেন বলেই আমি মনে করি। কারণ এটা ধ্রুব সত্য, কেয়ারটেকার সরকার তাদের হিসেব না মিললে সহজে নির্বাচন দেবে না। আর বিএনপিবিহীন নির্বাচিত সরকারের মেয়াদ হবে ক্ষণস্খায়ী। তাই বিএনপিকে নিয়েই নির্বাচন করতে আগ্রহী সরকার। এ ক্ষেত্রে শেখ হাসিনার উচিত ছিল, পরিস্খিতি গভীর পর্যবেক্ষণ করে বরং নিজের দলও জোটকে আরও সংগঠিত করা। তা না করে শেখ হাসিনা তদারকি সরকারের এজেন্ডা বাস্তবায়নে কেন অগ্রণী হতে চাইলেন তা বোধগম্য নয় কোন মতেই।
দুই.
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নতুন নতুন যোগ-বিয়োগ লক্ষ্য করছি আমরা। জামিন না দিয়ে নিজামী, মুজাহিদ সাইফুর রহমানকে জেলে পাঠানো হয়েছে। লক্ষ্য হচ্ছে এদের নির্বাচন থেকে বিরত রাখা। তারা আবার জামিনে বেরিয়ে আসবেন কিংবা সহজেই জামিন পাবেন ঘটনাবলীর চলমানতা আপাতত সে সাক্ষীই দিচ্ছে। এদিকে ড. কামাল, বি চৌধুরী, কাদের সিদ্দিকীরা নতুন ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাদের প্রস্তাবিত ফ্রন্টের সব দল মিলিয়ে দেশে তাদের জনপ্রিয়তা কত শতাংশ? প্রত্যন্ত অঞ্চলে এখনও এমন জেলা আছে যেসব জেলার মানুষ বিকল্প ধারা, গণফোরাম কিংবা কল্যাণ পার্টির নামও জানে না। তা হলে তো সংস্কারের নামে এসব ফন্সন্টবাদীরা বরং ডানপন্থী মোর্চার পারপাসটাই সার্ভ করছেন। যোগ্য প্রার্থী দেয়ার নামে কিছু ভোট কেটে নিয়ে ডানপন্থী জাতীয়তাবাদীদের বিজয়ের পথ প্রশস্ত করে দিচ্ছেন। তারা সমমনা বড় দলের মোর্চায় যোগ দিয়েই বরং এই ক্রান্তিকালের নির্বাচনটি পার হতে পারতেন। তারা তা করছেন না। যা জাতির জন্য মোটেই কল্যাণকর নয় এ মুহ�র্তে।
দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বলেছেন, জামিন পাওয়া আর মামলা থেকে অব্যাহতি এক কথা নয়। দুদক চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেছেন, তারা আসামিদের প্রমাণপত্র সাপেক্ষে সুবিচারের মুখোমুখি করতে পারবেন। কিন্তু আমরা দেখছি প্রধান দুই নেত্রীকে প্রায় সবক’টি মামলা থেকেই ক্রমশ অব্যাহতি দেয়া হচ্ছে। তাহলে বাকিদের ব্যাপারে কি হবে? তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মাত্র।
দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারকাত নিউইয়র্কে বলেছেন, ওয়ান ইলেভেন মূলত ছিল আমাদের কোমর ভেঙে দেয়ার একটি প্রচেষ্টা। হঠাৎ করে সবকিছু তছনছ করে দিয়ে রাজনীতি স্খবির করে দেয়া মাত্র। কার্যত সেটাই পরিলক্ষিত হচ্ছে। এবং এর রেশ ধরে নির্বাচন হবে কি না তা নিয়েও সংশয়ে ভুগছে দেশবাসী। মানুষ এটাও লক্ষ্য করছে, ব্যারাকঘেঁষা এক শ্রেণীর মুখপাত্র সাংবাদিক ইতোমধ্যে নির্বাচন পিছিয়ে দেয়ার ‘খোলা সুপারিশ নামা’ও পেশ করতে শুরু করেছেন। তা হলে কি এই ক্রান্তিকাল দীর্ঘ করার কোন গোপন ইচ্ছে কোথাও লালিত হচ্ছে?
দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গণতন্ত্র প্রয়োজন। দেশের প্রজন্মকে বাড়িয়ে তোলার জন্য গণতান্ত্রিক সরকার প্রয়োজন। জরুরি আইন কখনই কোন রাষ্ট্রে স্খায়ী সমাধান দেয় না, দিতে পারে না। জরুরি আইন গণবিচ্ছিন্ন রাষ্ট্ররক্ষকদের মানুষের কাছে চিহ্নিত করে যায়। আর মানুষ তা থেকে নতুন নেতৃত্ব নির্বাচন করতে শেখে।
নিউইয়র্ক ১১, নভেম্বর ২০০৮
---------------------------------------------------------------------------------
দৈনিক সংবাদ । ১৪ সেপ্টম্বর ২০০৮ শুক্রবার প্রকাশিত

Saturday, March 8, 2008

বিবর্তন, বৈষম্য ও সৃজনশীলতার পূর্বশর্ত


বিবর্তন, বৈষম্য ও সৃজনশীলতার পূর্বশর্ত

ফকির ইলিয়াস

=================================

রক্ষণশীল সমাজ ব্যবস্থা প্রাচ্য কিংবা পাশ্চাত্যের সব দেশেই আছে। একটি সমাজ নির্মাণে সে সমাজের মানুষের পরিশুদ্ধ অংশগ্রহণই নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দিন। আর সে অংশগ্রহণ কিন্তু নারী এবং পুরুষের সমান ভাবেই হতে হয়। এমন এক সময় ছিল, যখন নারীশিশু জন্ম নিলে তাকে জীবন্ত পুঁতে রাখার আদিমতা ছিল সামজে। অথচ মানুষ সে সময়ও ছিল বিবর্তনবাদী। প্রশ্ন হচ্ছে মানুষ যদি সভ্যতা সুন্দর এবং সত্যের স্বপক্ষে বিবর্তনবাদীই হবে, তবে মাঝেমাঝে এখনো আদিমতা গ্রহণ করবে কেন?আমরা কতগুলো উদাহরণ দেখি এখনো প্রাচ্যের সমাজে। পুরুষতান্ত্রিক শক্তির ব্যবহার কখনো কখনো আমাদের ভুলিয়ে দেয়, এ সমাজে নারী নামের আরেকটি লিঙ্গের মানুষ আছে। শাসনের বিভিন্ন জাঁতাকলে আছে। এগুলোর মধ্যে রাষ্ট্রীয়, তত্ত্বীয়, ধর্মীয় এবং সামাজিক শাসনগুলোই প্রধান। আমরা দেখব যারা ফতোয়া দিয়ে বেড়ান, তারা কিন্তু ফতোয়াগুলোর নিরানব্বই ভাগই জারি করেন নারীদের বিরুদ্ধে। পুরুষের বিরুদ্ধে ফতোয়া জারি করে তাকে বড়জোর একঘরে করে রাখা যায় কয়েকমাস। তারপর সে আবার সমাজে উঠে আসে। কোনো পুরুষকে দোররা মারার ঘটনা আমরা কখনো শুনিনি। অথচ নারীকে দোররা মেরে মাটিতে পুঁতে হত্যা করার মর্মান্তিক ঘটনাও আমরা দেখেছি। ধর্ম এবং সমাজের মিশ্রণে এই যে পেশিশক্তির দাপট তা একটি শুদ্ধ প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণে হুমকি বৈকি!যেসব নারী গণিকাবৃত্তি করে তাদের সমাজ পতিতা বলে আখ্যায়িত করে খুব সহজে। প্রাচ্যে এবং পাশ্চাত্যে এই আখ্যায়ন চলছে এখনো। কিন্তু যে পুরুষ গণিকালয়ে যায় তাকে ‘পতিত বলে’ সমাজ আখ্যা দেয় না। দিতে পারে না। কেন পারে না? এতে বাধা কোথায়?আজ থেকে তিন দশক আগেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নারীদের কর্মসংস্থান বিষয়ে নানা অলিখিত নিষেধাজ্ঞা ছিল। তা এখন ক্রমশ সরতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের সরকারি দফতর, ব্যাংক বীমা, হাসপাতাল, ডাকঘরসহ অনেক সরকারি বেসরকারি অফিস, প্রতিষ্ঠানে এখন নারীদের কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হয়েছে। আর তা সম্ভব হয়েছে সামাজিক ধ্যানি-চেতনার কারণেই। সামাজিক লিঙ্গ বৈষম্যের বিভিন্ন ধাপ আমরা বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ্য করি। ইসলাম ধর্মে এক ছেলে সন্তানের সমান পরিমাণ মালামাল দু’মেয়ে সন্তান পাবে এমন একটি রেওয়াজ ছিল। তা বিভিন্ন দেশে এখন সংস্কার করা হয়েছে। একটি মেয়ের যদি একটি ভোট হয়, একটি ছেলেরও তেমনি একটি ভোট। তাহলে রাষ্ট্রে পৈতৃক মালামাল, সম্পত্তি পেতে বৈষম্য হবে কেন? বলা যায় বিয়ের প্রথার কথাও। একজন পুরুষ একসঙ্গে চারজন স্ত্রী রাখতে পারবে। কিন্তু একজন নারী একসঙ্গে একাধিক স্বামী রাখতে পারবে না। এই যে স্বীকৃত প্রথা ইসলাম ধর্মে রয়েছে, এর সহজ কোনো সমাধান আপাত দৃষ্টিতে নেই। যদি সামাজিকভাবে মানুষ তা গ্রহণ কিংবা বর্জনে রাজি না হয়।দুই. বিতর্কিত অনেক প্রথা অনেক ধর্মেই আছে। হিন্দু ধর্মে সতীদাহ, অকাল বৈধব্যের পর আর বিয়ে না করা প্রভৃতি কার্যক্রম কোনো সভ্য সমাজেই গৃহীত হতে পারে না। যারা কট্টরপন্থী জুইশ (ইহুদি) ধর্মাবলম্বী, সে সমাজের নারীদের বিয়ের পরই তাদের চুল কেটে ফেলতে হয়। তারপর তাদের পরচুলা ব্যবহার করতে হয়। স্বামীর মনোরঞ্জন ছাড়া অন্য কোনো পুরুষের যাতে দৃষ্টি কাড়তে না পারে সেজন্য হাইহিল জুতা, টাইট ফিটিংস কাপড়চোপড় তারা পরতে পারে না। এমনকি প্রচলিত আছে, জুইশ ধর্মাবলম্বী কট্টরপন্থী পুরুষরা তাদের স্ত্রীকে সন্তান ধারণে বাধ্য করে অনেকটা বলপূর্বক। অনেকটা ইচ্ছার বিরুদ্ধেই।ইউরোপ-আমেরিকার জুইশ ধর্মাবলম্বী কট্টরপন্থীরা তাদের ছেলেমেয়েদের বিয়ে শাদীর ব্যাপারেও পরিবারের অগ্রজদের মতামতকে চাপিয়ে দেয়। অ্যারেঞ্জড কিংবা সেটেলম্যারেজ প্রথা শুধু বাঙালি সমাজ ব্যবস্থায় নয়, আইরিশ, ইতালিয়ান, গ্রিক, জুইশ, রাশিয়ান সমাজেও আমরা প্রত্যক্ষ করি। আর এসব সমাজের দাম্পত্য জীবনে শান্তি এবং অশান্তি দুটোই কিন্তু থেকে যাচ্ছে সমানভাবে। এসব দায় থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সমঝোতাপূর্ণ জীবনযাপন। তা যে কোনো দেশে যে কোনো সমাজেই হোক।লিঙ্গের সমঅধিকার প্রতিষ্ঠার একমাত্র পূর্বশর্ত হচ্ছে আইনের শাসন। গেল কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের একটি ঘটনা এখানে উল্লেখ করা যেতে পারে। এক দম্পতি ডিভোর্স চেয়ে পারিবারিক আদালতের শরণাপন্ন হয়েছিল। এ সময়ে স্বামী স্টেট লটারিতে পাঁচ মিলিয়ন ডলার জিতে যায়। স্ত্রী আইনানুযায়ী তার অর্ধেক দাবি করে। স্বামী বলে আমরা ডিভোর্স ফাইল যেহেতু করেছি, তাই স্ত্রী অর্ধেক অর্থমূল্য পাবে না। কিন্তু আইনি মারপ্যাঁচে হেরে যায় স্বামী। মাননীয় আদালত রায় দেন যেহেতু ডিভোর্স প্রক্রিয়াটি এখনো সম্পন্ন হয়নি তাই স্ত্রী লটারির অর্ধেক অর্থমূল্যের ভাগীদার। একটি রাষ্ট্রে সুষ্ঠু আইনি বিচার এবং সততা থাকলেই সমঅধিকারের বিষয়টি পূর্ণতায় রূপ নেয়া সহজ হতে পারে।আবারও ধরা যাক বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের কথা। এই স্বাধীনতা সংগ্রামে নারীদের যে স্বর্ণোজ্জ্বল অবদান, তা কি সরকারিভাবে ব্যাপক স্বীকৃত হয়েছে? না, হয়নি। এমনকি যারা বীরাঙ্গনা, যারা তাদের মহামূল্যবান সম্ভ্রম হারিয়ে ছিলেন আমাদের বিজয়ের জন্য তাদের কিন্তু প্রচলিত সমাজ ব্যবস্থা যথার্থ সম্মান দেয়নি। কেন দেয়া হয়নি? কেন এই দীনতা!ব্যক্তিস্বাধীনতা কিংবা আধুনিকতা মানুষের মৌলিক অধিকার। কিন্তু আধুনিকতার লেবাসে উগ্রতা, বেহিসেবীপনা কোনো সমাজই গ্রহণ করে না। যেসব কর্ম সমাজ কিংবা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে তাকে তো আর ব্যক্তিস্বাধীনতা বলা যায় না। লক্ষ্য করলে দেখা যাবে ইউরোপের কিছু কিছু দেশে যৌন উগ্রতার নামে মানব সভ্যতাকে ধ্বংসের কর্মকা- পরিচালনা করা হচ্ছে। যেমন অবৈধ মাদক দ্রব্যের বিক্রি লাইসেন্স নিয়ে ইউরোপের কোনো কোনো দেশে আইনি দেনদরবার চলছে। মাদক দ্রব্য গোটা মানব জাতির জন্যই মারাত্মক ক্ষতিকর। সে নারী কিংবা পুরুষ হোক।সমান অধিকারকামী সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত হচ্ছে একটি রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা, যা নারী-পুরুষের অধিকারের নিরাপত্তা, নিশ্চয়তা দেবে। মানুষ মানুষের হাতে নিগৃহীত হবে না। মানুষ মানুষের কাছে প্রতারিত হবে না। তারপরের শর্তটি হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। মনে রাখতে হবে সৃজনশীল বিবর্তনই মানুষকে এ জন্য সাহায্য করেছে। এর পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতাই হতে পারে সমাজ নির্মাণের মূলমন্ত্র।

---*************-------------------দৈনিক ডেসটিনি।ঢাকা।৯মার্চ ২০০৮ রোববার প্রকাশিত

Tuesday, March 4, 2008

সুবিচার যখন প্রধান নাগরিক প্রত্যাশা


সুবিচার যখন প্রধান নাগরিক প্রত্যাশা

ফকির ইলিয়াস

================================

দুর্নীতির অভিযোগে ফেঁসে যেতে পারেন নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনার বার্নার্ড কেরিক। তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্থাপিত হয়েছে। ইন্টারনাল রেভিন্যু সার্ভিস (আইআরএস) বলেছে, তার আয়ের সঙ্গে ট্যাক্স প্রদানের সঙ্গতি নেই। এসব অর্থ কী করে অবৈধভাবে অর্জন করা হয়েছে? এমন অনেক প্রশু এখন মুখে মুখে। যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। ইউএস অ্যাটর্নি বলেছেন, তিনি পুলিশের চিফ ছিলেন। সেই ব্যক্তিই যদি এমন দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হন তবে আইন প্রয়োগকারী সংস্থার প্রতিই মানুষ বিশ্বাস হারাবে। বার্নার্ড কেরিক নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানির ঘনিষ্ঠ জন। নাইন-ইলেভেনের সময়ও তিনিই ছিলেন পুলিশ কমিশনার। পরবর্তী সময়ে অবসরে যাওয়ার পর হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের প্রধান অর্থাৎ সেত্রেক্রটারি অব হোমল্যান্ড সিকিউরিটি হিসেবেও কেরিকের নাম প্রস্তাব করা হয়েছিল। সে সময়ই তার বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ আসে। বার্নার্ড কেরিক তার নাম প্রত্যাখ্যান করে নেন। কিন্তু তদন্ত তার পিছু ছাড়েনি। সেসবের অংশ হিসেবেই এখন তিনি দোষী সাব্যস্ত হওয়ার পথে। মামলার রায়, আপিল শুনানি সবকিছুর আইনি প্রত্রিক্রয়া সমাপ্ত হলে রায় তার অনুকূলে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই।বার্নার্ড কেরিকের নাম বাদ পড়ার পরই মাইকেল শের্টফকে প্রেসিডেন্ট বুশ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান হিসেবে নিয়োগ প্রদান করেন। যিনি এখনো এই পদে বহাল আছেন। এদিকে কেরিকও একজন সুপরিচিত রিপাবলিকান ধনপতি। পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু পুলিশ কমিশনার হিসেবে তিনি কি অবৈধভাবে আয় করেছেন? এসব প্রমাণের জন্যই সরকার পক্ষ এখন নেমেছে কোমর বেঁধে। এই যে আইনি প্রক্রিয়া তা সবার জন্যই সমান থাকা বাঞ্ছনীয়। এর আগে ইন্টারনাল রেভিন্যু সার্ভিসের প্রধান রক্ষক অ্যালেন হ্যাভেসির বিরুদ্ধেও এ রকম অভিযোগ এসেছিল। তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন। অপরাধ শাস্তিযোগ্য হওয়ায় তাকেও শাস্তি পেতে হচ্ছে। এই যে ঘটনাবলি তা শুনে কেউ কেউ হয়তো বলবেন, যুক্তরাষ্ট্রে তো দুর্নীতি আরো অনেক হচ্ছে। সব দুর্নীতির বিচার হচ্ছে কি? বিচার যে হচ্ছে না তা কিন্তু নয়। দু’চারজন রাঘববোয়ালকে কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে যু্ক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই বিশ্বাস স্থাপনে সমর্থ হয়েছে যে, মানুষের আস্থা নিয়েই চলেছে স্বাধীন বিচার বিভাগ। বাংলাদেশেও সদ্য স্বাধীন বিচার বিভাগ যাত্রা শুরু করেছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই যাত্রা শুরুকে স্বাগত জানাতেই হবে। প্রশ্ন আসতেই পারে, এরপর মানুষ সুবিচার কিংবা দ্রুত বিচার পাবে কি-না। কিংবা মানুষের পক্ষে ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত হবে কি-না। বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে গ্র্যান্ড জুরিদের মতামতের প্রতিফলন ঘটানোটাও জরুরি বলে আমি মনে করি। উন্নত গণতান্ত্রিক বিশ্বে জুরি ব্যবস্তা ক্রমশ প্রাধান্য পাচ্ছে। এতে নাগরিক দায়িত্ব যেমন প্রতিষ্ঠিত হয় তেমনি হয় ভারসাম্য রক্ষা করে সুবিচার প্রতিষ্ঠা। এ প্রসঙ্গে আরেকটি কথা না বললেই নয়। তা হচ্ছে, বাংলাদেশে জমি-জিরাত সম্পর্কিত দেওয়ানি মামলাগুলোর কথা। আমরা দেখেছি, বাংলাদেশে এসব দেওয়ানি মামলা যুগের পর যুগ আদালতে চলতেই থাকে। একটি মামলাকে ‘দাদা-বাপ-পুত্র’ এ রকম তিন পুরুষও চালিয়ে গেছেন কিন্তু মামলার সুরাহা হয়নি এমন নজিরও আমরা দেখেছি। বাংলাদেশের আইনে ফৌজদারি মামলা যতটা গুরুত্ব পায়, দেওয়ানি মামলাগুলো এর চেয়ে কম গুরুত্ব পেয়ে থাকে। এ অবস্থার দ্রুত পরিবর্তন প্রয়োজন। কারণ, যিনি বিচারপ্রার্থী তিনি সমস্যাটির সমাধান এবং দ্র“ত সুবিচার পাওয়ার জন্যই আইনের আশ্রয় নেন। এক্ষেত্রে তা ঝুলে থাকবে কেন? কেন কালক্ষেপণ একজন নাগরিককে রাখবে মানসিক অশান্তিতে।যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে বলা যায়, এখানে জমিজমা, রিয়েল এস্টেট সম্পর্কিত মামলাগুলো সিভিল ল’র অধীনে গুরুত্বের সঙ্গেই বিবেচিত হয়। বরং অবৈধভাবে দখলদার কেউ ত্রিক্রমিনাল অ্যাক্টে দোষী সাব্যস্ত হতে পারে। ওয়ান-ইলেভেনের পর আমরা ইদানীং একটি কথা প্রায়ই শুনি। তা হচ্ছে সবাই-ই যদি দোষী হয়ে গেল তবে বাংলাদেশে নীতিবান রাজনীতিক ও ব্যবসায়ী কারা? আমার মনে হয়, এ প্রশু যারা তোলেন তারা শাক দিয়ে মাছ ঢাকতে চান। তাহলে কি আমরা ধরে নেব ১৪ কোটি মানু্ষের রাষ্ট্রে কোনো নীতিবান নেই? অবশ্যই আছেন। আর আছেন বলেই এই প্রজন্ম সোনালি সূর্যের স্বপ্ন দেখে। এখনো মানুষ প্রত্যয় নিয়ে বলে, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মানুষ। লক্ষণীয় বিষয় হচ্ছে, দুর্নীতিতে বাংলাদেশ বারবার চ্যা¤িক্সয়ন হওয়ার পরও দেশের শাসকশ্রেণী বিষয়টিকে মোটেও গুরুত্ব দেয়নি। দখলের মাত্রা এত চরমে পৌঁছেছিল, এক সময় এই রাষ্ট্রটিকেই কেউ কেউ নিজেদের নামে লিখিয়ে নেয় কি-না তা নিয়ে শংকা দেখা দিয়েছিল। রাস্তা বন্ধ করে যারা ক্রিকেট খেলে উল্লাস নৃত্য করেছিল, কিংবা যারা ট্রাক তুলে দিয়েছিল গণমানুষের ওপর এরা কোন শ্রেণীর মানসিকতা পোষণ করতো তা দিনে দিনে অনেক খোলসা হয়েছে। জরুরি কথা একটাই, রাষ্ট্রে যদি সুবিচার প্রতিষ্ঠিত হয় তবেই দুর্নীতি সিংহভাগ কমে যেতে বাধ্য। আর তা হতে হবে যে কোনো রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে। পৃথিবীর দেশে দেশে জুলুমকারী জালেমরা আছে। কিন্তু বিশ্বের আপামর মানুষই শান্তিকামী। অধিকাংশ মানুষই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তা প্রমাণিত হয়েছে, এখনো হচ্ছে দেশে দেশে, যুগে যুগে।-------------------------------------------------------------------------------দৈনিক সমকাল। ঢাকা। ৪ মার্চ ২০০৮ মংগলবার প্রকাশিত