
আমার জন্য পাঠিয়ে দিও কয়েকটি পথ
ভিন্ন সড়ক ধরে আমি হেঁটে যাবো অনিল অন্দরে
তারপর শিশিরের ঘ্রাণ নিয়ে বৃহৎ
সমুদ্রগুলোকে বলে দেবো , তোমরাও কি ভুল করে
এসেছো এ পথে - না হলে তো দেখা হবার
কথা ছিল না কোনো কালে
তবে কি প্রেম মানেই শংকার
হামাগুড়ি, ভস্ম যেমন আলো দিয়ে জ্বলে।
আমাকে পাঠিয়ে দিও কয়েকটি পরাগ
যা নিয়ে আমি বেঁচে থাকতে পারি অন্ততঃ
আরো কিছুকাল এবং মনের দীনতাটুকু পরিত্যাগ
করে বলতে পারি , এখনো হইনি গত
বিধবা সন্ধ্যার ছায়ায়। আসলে পৃথিবীটাই বিধবা কি না !
সে জন্যেই ভাটি এবং উজানের পার্থক্য
কেউ কেউ বুঝে , সবাই পারে না
গড়ে যেতে, বৃষ্টি ও বিরহের মাঝে সরল ঐক্য ।
